ডিজিটাল শিক্ষা পদ্ধতি বিষয়ে সেমিনার
ডিজিটাল শিক্ষাব্যবস্থাকে উন্নত করতে ডিজিটাল শিক্ষা পদ্ধতি বেশ জরুরি। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী ও আগ্রহী করে তুলতে ডিজিটাল শিক্ষা পদ্ধতি বেশ প্রয়োজনীয়। এ ছাড়া ইতিমধ্যে এ ধারণাটিও বেশ জনপ্রিয়তা পেয়েছে। গতকাল রোববার ইউনিক বিজনেস সিস্টেম লিমিটেডের (ইউবিসিএল) আয়োজনে ‘ইউনিক ডিজি ক্লাসরুম’বিষয়ক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ পড়েন ইউবিসিএলের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান সুজন। সেমিনারে বক্তব্য দেন ইউবিসিএলের পরিচালক হাবিবা নাছরিন, ডিআইইউর বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের প্রধান অধ্যাপক সৈয়দ আকতার হোসেন, ইউবিসিএলের করপোরেট ব্যবস্থাপক রকিবুল ইসলামসহ অনেকে। বক্তারা বলেন, অন্যান্য দেশ যেভাবে ডিজিটাল প্রদ্ধতিতে শিক্ষা দিয়ে থাকে, সে তুলনায় এই দেশ অনেক পিছিয়ে আছে। ডিআইইউ থেকে এই ডিজিটাল বোর্ডের মাধ্যমে ডিজিটাল ক্লাস নেওয়া শুরু হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য অনেক ভালো হবে। —রাহিতুল ইসলাম