ডিজিটাল সই নিয়ে রাজশাহীতে কর্মশালা
‘দেশে ডিজিটাল স্বাক্ষর প্রবর্তন ও সনদ প্রদানকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রক কার্যালয় চালুকরণ’ কর্মসূচির আওতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ অনুযায়ী বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয় দেশে ডিজিটাল সই চালুর উদ্যোগ নিয়েছে। ডিজিটাল সই পদ্ধতির পরিচিতি, এর ব্যবহারের ক্ষেত্রসমূহ এবং অন্যান্য বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য রাজশাহীর বিভাগীয় ও জেলা প্রশাসনের সহায়তায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) গতকাল বুধবার রাজশাহীতে একটি কর্মশালার আয়োজন করে। ‘ডিজিটাল স্বাক্ষর ও আমাদের করণীয়’ শীর্ষক এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার স্বপনকুমার রায়। সভাপতিত্ব করেন রাজশাহীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুবল বোস। কর্মশালায় মূল বক্তব্য দেন আইসিটি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান। ডিজিটাল সই বিষয়ে আলোচনা ও ব্যবহারিক অধিবেশনে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি