ডিজিটাল সইয়ের প্রশিক্ষণ অনুষ্ঠিত
দেশে ডিজিটাল সই চালু করার লক্ষ্যে সরকারি কর্মকর্তাদের জন্য এর পরিচিতি ও ব্যবহার নিয়ে দুই দিনের এক প্রশিক্ষণ কোর্স সম্প্রতি ঢাকায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে (বিসিসি) অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এই কোর্সে ডিজিটাল সইয়ের ব্যবহার পদ্ধতি, ডিজিটাল সই তৈরি, দলিলপত্র ও ই-মেইলে ডিজিটাল সই ব্যবহার করার পদ্ধতির প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন বিসিসির নির্বাহী পরিচালক মো. মাহ্ফুজুর রহমান। তিনি জানান, সরকারি কর্মকর্তাদের মধ্যে এর ব্যবহার চালুর জন্য প্রথম পর্যায়ে ৩০০ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে। বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাহিদুর রহমান ডিজিটাল সইয়ের ব্যবহার ও এর কারিগরি বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য উপস্থাপন ও প্রশিক্ষণ পরিচালনা করেন। অর্থ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সিপিটিইউ, সড়ক ও রেলওয়ে বিভাগ, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ১৯ জন কর্মকর্তা প্রশিক্ষণ কোর্সটিতে অংশ নেন। সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের জন্য পর্যায়ক্রমে এ প্রশিক্ষণ কোর্স আয়োজন করা হবে বলে বিসিসি জানিয়েছে। —নিজস্ব প্রতিবেদক