ডিজিটাল সেন্টারের ১১ হাজার উদ্যোক্তার সম্মেলন পরশু
আগামী মঙ্গলবার রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত হবে ডিজিটাল সেন্টার উদ্যোক্তা সম্মেলন-২০১৪। দেশের ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনে অবস্থিত ডিজিটাল সেন্টারে কর্মরত প্রায় ১১ হাজার উদ্যোক্তা এ সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার এই বিশাল আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সারা দেশে কাজ করা প্রযুক্তি প্রান্তিক যোদ্ধাদের এ সম্মেলনের মাধ্যমে সম্মানিত ও অনুপ্রাণিত করা হবে। তিনি জানান, অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় উপস্থিত থাকবেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার শ্রমনির্ভর অর্থনীতির পাশাপাশি প্রযুক্তিনির্ভর অর্থনীতির বিকাশ ঘটাতে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ছাড়া তথ্য না চাইতেই যাতে মানুষের জন্য সহজলভ্য করা যায়, এ লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচি চলছে।
জুনাইদ আহমেদ জানান, ডিজিটাল সেন্টারগুলোর উদ্যোক্তাদের কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি এ সম্মেলনের মাধ্যমে ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি পুরস্কার ও ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজিস অ্যান্ড সার্ভিস অ্যালায়েন্স পুরস্কারের জন্য এ সম্মেলন আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও অ্যাকসেস টু ইনফরমেশনের (এটুআই) কর্মসূচির প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার বলেন, ডিজিটাল সেন্টার থেকে গ্রামে বসেই মানুষ ৬০ ধরনের সেবা পাচ্ছে। এতে তাদের খরচের পাশাপাশি সময় বেঁচে যাচ্ছে।
এটুআই প্রোগ্রামের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান ওরফে মুক্তা বলেন, তথ্যপ্রযুক্তির অগ্রগতি বুঝতে চাইলে ২০০৮ সালের আগে দেশে কোন কোন ধরনের ডিজিটাল কার্যক্রম ছিল, আর এখন কী কী কার্যক্রম চলছে—তা মিলিয়ে দেখলে বিষয়টি স্পষ্ট হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের চার হাজার ৫৪৭টি ইউনিয়ন, ৩২১টি পৌরসভা ও ১১টি সিটি করপোরেশনে স্থাপিত ডিজিটাল সেন্টারগুলো গ্রামীণ জনপদের সাধারণ মানুষের তথ্য ও সেবাপ্রাপ্তির অনন্য কেন্দ্রে পরিণত হয়েছে। এসব কেন্দ্র থেকে এ পর্যন্ত প্রায় ১২ কোটি সেবা প্রদান করা হয়েছে। এর মধ্যে অনলাইনে জন্মনিবন্ধন হয়েছে সাত কোটি। বিভিন্ন সেবা প্রদান করে উদ্যোক্তদের আয় হয়েছে প্রায় ১৪০ কোটি টাকা।