ডিজিটাল হচ্ছে চাকমা বর্ণমালা
চাকমা বর্ণমালাগুলোকে ডিজিটাল-ব্যবস্থায় সুশৃঙ্খল করার লক্ষ্যে গত বৃহস্পতিবার এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় চাকমা ভাষা ও বর্ণমালার গবেষকেরা অংশ নেন। গত বৃহস্পতিবার রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রশিক্ষণকেন্দ্র ভবনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।রিবেং আইটি সলিউশনের দুই তরুণ সুজমরিজ চাকমা ও জ্যোতি চাকমা দুই বছর ধরে চাকমা বর্ণমালাগুলোকে কম্পিউটিং সিস্টেমে নিয়ে আসার কাজ করছেন। তাঁদের সহযোগিতায় এগিয়ে এসেছে রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট। সুজমরিজ ও জ্যোতি চাকমা জানান, চাকমা বর্ণমালাগুলো যুগোপযোগী না হওয়ায় কম্পিউটিং সিস্টেমে নিয়ে আসায় সমস্যা ছিল। নানা পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষার পর সেগুলোকে সুশৃঙ্খল করা হয়েছে। গবেষকেরা সর্বসম্মতিক্রমে বর্ণমালাগুলো অনুমোদন করায় ডিজিটাল-ব্যবস্থায় নিয়ে আসা সহজ হবে। আগামী ছয় মাসের মধ্যে চাকমা বর্ণমালাগুলোকে বিজয় কি-বোর্ডের মাধ্যমে কম্পিউটারে সহজে লেখা ও পড়ার সফটওয়্যার তৈরি করা হবে বলে তাঁরা জানান।ইনস্টিটিউটের গবেষণা কর্মকর্তা শুভ্রজ্যোতি চাকমা বলেন, ‘বর্তমানে বাংলা বা ইংরেজি বর্ণমালার মাধ্যমে চাকমা ভাষায় গল্প ও কবিতা লেখা হয়। এমনকি উপন্যাসও লেখা হচ্ছে। সে ক্ষেত্রে উচ্চারণ ও ভাবপ্রকাশে মাঝেমধ্যে সমস্যা দেখা দেয়। আশা করি, এ উদ্যোগ চাকমা বর্ণমালাগুলোকে সুশৃঙ্খল ও প্রকাশভঙ্গিকে সহজ করবে।’রাঙামাটি উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউটের সাবেক পরিচালক সুগত চাকমা বলেন, চাকমা ভাষার উন্নয়ন ও সাহিত্যচর্চার ব্যাপক সম্ভাবনা রয়েছে। বর্ণমালা কম্পিউটারে লেখা ও পড়ার ব্যবস্থা তরুণ-যুবকসহ সব বয়সী মানুষকে চাকমা বর্ণমালায় পড়াশোনা করতে উর্যাসাহ জোগাবে। আগে চাকমা বর্ণমালা সুশৃঙ্খল না থাকায় অনেকের পড়া ও লেখায় সমস্যা হতো। এখন সে সমস্যা দূর করা সম্ভব হবে। তিনি জানান, চাকমা বর্ণমালা প্রধানত ৩৩টি। মূলত সেগুলোতে কী কী সমস্যা আছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক সুসময় চাকমা আশা প্রকাশ করে বলেন, এ উদ্যোগের ফলে চাকমা ভাষা ও বর্ণমালা সমৃদ্ধ হবে। কবি ও নাট্যকার মৃত্তিকা চাকমা বলেন, এ উদ্যোগ চাকমা বর্ণমালাকে সমৃদ্ধ করার পাশাপাশি সাহিত্যচর্চায় নতুন প্রজন্মকে আগ্রহী করে তুলবে। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শ্রদ্ধালংকার মহাস্থবির, প্রসন্ন কান্তি চাকমা, কীর্তিময় চাকমা, আর্য্যমিত্র চাকমা প্রমুখ।—হরি কিশোর চাকমা, রাঙামাটি