ডিম নয় তবু অশ্বডিম্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ অক্টোবর ডিম মেলায় গিয়েছিলেন প্রথম আলোর প্রতিবেদক আহমেদ দীপ্ত। মূল পত্রিকা আর অনলাইনের জন্য লিখেছেন ডিম নিয়ে ডামাডোলের খবর। তবে আরও খবর ছিল তাঁর ডিম খাওয়া পুষ্ট মাথায় (কিংবা পেটে), সেগুলোই তিনি লিখে ফেললেন রস+আলোর পাঠকদের জন্য।

মৌচাক থেকে সকালে বাসে উঠেছি, গন্তব্য খামারবাড়ি। বাসে দেখা মিলল একই পরিবারের ছয় সদস্যের। চার সন্তানসহ মা-বাবা যাচ্ছেন তিন টাকার ডিমের হাতছানিতে সাড়া দিতে। বাসের মধ্যেই শুরু হলো গল্প। গল্পের মধ্যে এক পিচ্চি বলে উঠল, ‘আম্মু, খিদা লাগছে।’ সকালে হয়তো বেচারার পেটে দানাপানি পড়েনি। ঘুম থেকে উঠেই সব দৌড়। মনে মনে বললাম, ‘তোমার জন্য ডিম অপেক্ষা করছে ছোট্টবন্ধু!’ তবে ডিমের বদলে যে ‘আন্ডা’ অপেক্ষা করছিল, সেটা তো আর তখনো জানি না! আসলে সেদিন সকালের নাশতায় ডিম ছিল না বলেই হয়তো মাথাটাও খোলেনি। ডিমের কত গুণ!

বাস থেকে নেমে কৃষিবিদ ইনস্টিটিউশনে যে দৃশ্য চোখে পড়ল, তাতে সেদ্ধ ডিমের মতো দুটো ঢোঁক গিলতে বাধ্য হলাম। এত মানুষ! এত এত মানুষ! দেশে কি ডিমের অভাব পড়ল? নাকি তিন টাকা দরে সোনার ডিম বিক্রি হচ্ছে? কেউ লাল-নীল রঙের বালতি, কেউ খাঁচি, কেউ কাগজের কার্টন নিয়ে এসেছে। প্রাঙ্গণ পেরিয়ে মানুষের সারি পৌঁছেছে বিজয় সরণি পর্যন্ত। তিন টাকায় অন্তত একটা ডিম কিনতে পারলেই বুঝি বিশ্বজয় করা হবে!

খানিক বাদে টের পেলাম, সবাই কেবল ডিম কিনতেই আসেনি। কেউ কেউ ছুটির দিনে ডিমে তা না দিয়ে ‘টাইম পাস’ করতেও এসেছে। নানান পেশার নানান বয়সী মানুষ দেখে মনে হলো, মাছে-ভাতে বাঙালির দিন শেষ, বাঙালি এবার ডিমে-ডিমে (চালের দামের কারণে ডিমে-ভাতেও বলা যাচ্ছে না)।

নারীদের দাঁড়ানোর সারিটা সাপের মতো এঁকেবেঁকে গিয়ে ঠেকেছে মাঠের শেষ মাথায়। একটু এগোতেই হাতে ছাতা আর চোখে সানগ্লাস পরা এক নারীর কাছে গিয়ে প্রশ্ন করলাম, ‘ডিম কিনতে এলেন?’ মুখে চুইংগাম নেই তাঁর। তবু চিবিয়ে চিবিয়ে উত্তর দিলেন, ‘ডিম ছাড়া আমার চলেই না, হি হি হি।’

এক তরুণকে দেখলাম, এক হাতে পাঁচটা ফাঁকা খাঁচি নিয়ে দাঁড়িয়ে আছেন। আরেক হাতে আইফোন। ফেসবুকও কাঁপাচ্ছেন। দুই লাখ টাকা দামের মোটরসাইকেলে চেপে ‘সুদূর’ নারায়ণগঞ্জ থেকে আগত। বললেন, ‘ডিমগুলো যাতে না ফাটে, তার জন্যই খাঁচিগুলো আনা। ডিম ভেঙে ফেললে সর্বনাশ! হে হে হে।’ তরুণের কথায় মনে একটা দার্শনিক চিন্তা উঁকি দিল, ‘ডিমের মতো আমাদের অনুভূতিও তো আজকাল ভীষণ ভঙ্গুর। অনুভূতি রক্ষার কোনো খাঁচি বেঁচতে পারলে মন্দ হতো না!’

অনুভূতির কথা যখন ভাবছি তখন দেখা মিলল গুলশান থেকে আসা এক নারীর। ভোর ছয়টায় এসেছেন। ডিম না পেয়ে টিভির সাংবাদিকদের সাক্ষাৎকার দিচ্ছেন। ২০০ টাকার কাঁচা মরিচের মতো ঝাঁজালো তাঁর অনুভূতি! সবশেষে বললেন, ‘ভাই, পরিচয়টা উল্লেখ করবেন না কিন্তু!’ মানুষের মাথায় আকাশ ভেঙে পড়ে, আমার মাথায় পড়ল আস্ত একটা ডিম। টিভিতে মুখ দেখাচ্ছেন কিন্তু পরিচয় দেবেন না! এ কেমন আবদার?

যাক গে, একজনের কাণ্ডকীর্তি দেখলে তো হবে না, সামনে তাকালাম। খোঁজ নিয়ে জানা গেল, ধানমন্ডি, উত্তরা, গাজীপুর, টঙ্গী, যাত্রাবাড়ী, বনশ্রী, মিরপুর—কোন এলাকার মানুষ আসেনি এখানে! নিজেকে বোঝাই, ৯০টা করে ডিম, কম না তো। মানুষের চাপে আয়োজকেরা অবশ্য জনপ্রতি ২০-এ নেমে এল। সকাল ১০টা থেকে বিক্রির কথা থাকলেও সেটা শুরু হয়েছিল ৯টা বাজতেই। আর শুরু হয়েছিল ঠেলাঠেলি! জনস্রোত একপর্যায়ে উঠে পড়ল ডিম বিক্রির কাউন্টারে। এবারও একটা দার্শনিক চিন্তা মাথায় খেলে গেল, পানির মতো এই স্রোত ব্যবহার করে যদি বিদ্যুৎ বানানোর একটা কৌশল পাওয়া যেত, মন্দ হতো কি? চিন্তার মাঝখানে ছেদ। শোনা গেল, আয়োজকেরা আগত ক্রেতাদের আন্ডা দিয়ে ফেলেছেন! মানে, ডিম বিক্রি বন্ধ। কাজী নজরুলের ‘বিদ্রোহী’ কবিতায় অনুপ্রাণিত জনতা আছড়ে পড়ল ওই ডিমের ওপরেই। আহত ও নিহত হলো কয়েক খাঁচি ডিম। মুমূর্ষু ডিমগুলো দেখে অনেকেই চুকচুক করছিল দুঃখে-হতাশায়।

ততক্ষণে ডিম জুটেছে মোটে গুটিকয়েকের কপালে। ধাক্কাধাক্কিতে ভেঙেছে অস্থায়ী মঞ্চ। পুলিশও হিমশিম খেল সামাল দিতে। ভয়ে আয়োজকেরা ডিম তুলল কাভার্ড ভ্যানে। প্যান্ডেলে ঢুকে অনেকে শুরু করল ডিমের খাঁচি নিয়ে টানাটানি। কেউ কেউ কয়েক খাঁচি ডিম নিয়ে সটকেও পড়ল। একজনের হাতে দেখি তিনটা ডিম। বেচারা সেই ভোর পাঁচটায় এসেছেন। কাছে গিয়ে জিজ্ঞেস করতেই একগাল হেসে বললেন, ‘ভাই, ডিম পাইনি বলে কৌশলে চুরি করে নিছি।’ ভদ্রলোকের সারল্য তরতাজা ডিমের কুসুমের মতো।

হুড়োহুড়ি আর ধাক্কাধাক্কির পর সবাই তুলল স্লোগান, ‘আর কোনো দাবি নাই, ডিম চাই বিচার চাই!’, ‘ভুয়া ভুয়া’, ‘ডিম চোর, ডিম চোর!’, ‘ডিম কই, ডিম চাই!’ পুলিশ যতই সরিয়ে দেয় লোকজন, ততই হুমড়ি খেয়ে পড়ে। এবার এল ‘আন্ডা’র বড় ভাই ডান্ডা। হয়ে গেল একচোট। ডিমের বদলে আন্ডা, আর আন্ডার বদলে মানুষ পেল ডান্ডা! পুলিশের এক সদস্য তো বলেই বসলেন, ‘ওই, ব্যাটারে ধর, আইজকা ওরে ডিম দিমু!’ শুনেই লোকটা দে ছুট! আরে, কী অদ্ভুত! এত কষ্ট করলেন, শেষমেশ পুলিশ ভাই ডিম দিতে চাইল, সেটা না নিয়ে ছুটে পালালেন?

বিক্ষোভ ততক্ষণে উৎসবের রূপ নিয়েছে। কেউ ডিম পাবে না জেনেও মানুষ যেতে চায় না। মাইকে দুঃখ প্রকাশ ও ঘোষণার পরও মানুষের ডিম চাই। সবাই যখন ‘ডিম চাই ডিম চাই’ স্লোগান দিচ্ছে, তখন কেউ কেউ ‘মোবাইল চাই মোবাইল চাই’ করছে। কী ব্যাপার! কাছে যেতেই কারণ বোঝা গেল। বাঙালির ডিমের মিশনে কেউ কেউ আবার হাত সাফাইয়ের মিশনও চালাচ্ছে। পুলিশও কম যায় না। কিছুক্ষণ বাদে ভিড়ের মধ্য থেকে ষন্ডামার্কা এক যুবককে টেনে বের করল। তাঁর পকেটে পাওয়া গেল চারটি স্মার্টফোন। ‘কোনটার নম্বর কত?’ পুলিশের এই প্রশ্নে যুবক কিছুই বলতে পারলেন না! সকালে নিশ্চয়ই ডিম খেয়ে বেরিয়েছিল। এ কারণেই মায়েরা বলেন, পরীক্ষার দিন ডিম খেতে নেই।

হুড়োহুড়ির মধ্যে মাত্র তিনজনকে ডিম পেতে দেখলাম। রাগে গজগজ করছিল সবাই। তবে কি হাজার হাজার লোক খালি হাতে বাড়ি ফিরেছে? না, মোটেই না। উত্তর আছে কিশোর কুমারের গাওয়া সেই গানে, ‘শিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্বডিম্ব, গায়ে লাগে ছ্যাঁকা ভ্যাবাচ্যাকা হাম্বা হাম্বা ডিগ ডিগ...’।

এই বাজারে ফ্রি-তে অশ্বডিম্বই বা কম কিসে?