ডিমের মতো দামি!

হঠাৎ করেই ডিমের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কেন বাড়ছে, সেটা আমরা জানি না। তবে ডিমের দাম বাড়লে কী হতে পারে, সেটা জানা আছে! একদম টাটকা বাস্তব অভিজ্ঞতা থেকে দুটি উদাহরণ দিচ্ছি! এটা অবশ্য আমার খালুর কাছ থেকে শোনা। তাঁর বয়ানেই গল্পটা শোনা যাক—
সেদিন অফিস শেষে রিকশায় করে বাসায় ফিরছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে রিকশাটা ছেড়ে দিলাম। এখানে অনেকগুলো গাছের দোকান হয়েছে, দেখতে বেশ লাগে। একটা ক্যাকটাস কিনব কিনব করে কেনা হচ্ছিল না। এক মনে ক্যাকটাস দেখছি, হঠাৎ কোত্থেকে যেন ‘ক্যাক’ করে একটা শব্দ এল কানে! অদ্ভুত ব্যাপার! ক্যাকটাসও আজকাল ডাকাডাকি করে নাকি! ডায়াবেটিস আর ব্লাড প্রেশার কন্ট্রোলে আছে কদিন ধরে! মনে মনে ভাবলাম, বুড়ো হয়ে যাচ্ছি! কত কিছু শুনি, কত কিছু দেখি—অনেক কিছুরই মানে বুঝি না! তাই আবার দার্শনিক চেহারা নিয়ে ক্যাকটাস-দর্শনে মনোযোগী হলাম। কিন্তু আমার মনোযোগ ভেঙে চুরমার হলো এক হুমকিতে, ‘আজকে তোর মাথায় গাট্টা মেরে যদি গোল আলু না বানাই...’ বলেই দেখতে শুনতে সুবোধ তরুণটি সঙ্গের অপর তরুণটির ওপর চড়াও হলো ‘খাইছি তরে’ বলে!
আমি ‘বাবা গো’ বলে দৌড় দিতে যাচ্ছিলাম। পরক্ষণেই কানে এল অপর তরুণের বক্তব্য, ‘দোস্ত, দোস্ত, আলু না বানায়া ডিম বানানো যায় না? ডিমের যা দাম!’ বলেই দুই তরুণ ‘হা হা হা!’ করে হাসি দিয়ে রাস্তার মোড় পেরিয়ে গেল! হাঁফ ছেড়ে বাঁচলাম! এ যুগের ছেলেপুলেদের অনেক কিছু না বুঝলেও এই ডিম আর আলুর বিষয়টা অন্তত বুঝলাম! হায় ডিম, অনেক দামের ডিম!
এবার আসি নিজের গল্পে। পাড়ায় একটা ‘ফাংশন’ হবে। ভাড়া করা হলো এক ব্যান্ডকে। বেশ নামডাক তাদের। রাবার ব্যান্ডের মতোই তাদের গানের গলা, বেশ নাকি টেনে টেনে গায়। শুনতে গেলাম। গান শোনা শেষ। আসলেই তারা রাবার ব্যান্ডের মতো গাইল। এমন টেনে টেনে গাইল, মনে হলো কান টেনে ধরে গালে দুটো চড় দিলেও ভালো ছিল! যা হোক ব্যাক স্টেজের পাশ দিয়ে যাচ্ছিলাম। কানে এল ব্যান্ডের দুই সদস্যের কথোপকথন—
: আমরা গান গাইলে আগে দর্শক ডিম মারত। আজকে বেসুরো গলায় জোরে গান গাইলাম, কিন্তু একটা ডিমও মারল না! ঘটনা কী?
: ডিম এখন ফেলনা জিনিস না রে, পাগলা। ডিমেরও কদর আছে। বাজারে যাস? ডিমের দাম কত জানস?