ডিলান আর বিটলসে মেতে থাকতেন তরুণ জবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টিভ জবস চিন্তাশীল ব্যক্তি ছিলেন। তিনি পড়তেন। পাঠকে অনুধাবন করার চেষ্টা করতেন। তিনি নিজেই বলেছেন, স্বপ্ন দেখতে ও স্বপ্নকে বুঝে তা কর্মে পরিণত করতে হলে পড়ার কোনো বিকল্প নেই। বরং এটি জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এক বিষয়। জবস তাঁর উচ্চশিক্ষা সম্পন্ন করেননি। তবে তিনি নিজের স্বপ্নগুলো বাস্তবায়ন করে দেখিয়েছিলেন। প্রাতিষ্ঠানিক পড়াশোনার বাইরে অনেক বিষয়েই তাঁর আগ্রহ ছিল। আর এসবই উঠে এসেছে ওয়াল্টার আইজাকসন রচিত জবসের আত্মজীবনীতে। আইজ্যাকসনকে জবস নিজের পছন্দের পাঠ্যবস্তুর কথা মন খুলে বলেছিলেন। সেই সঙ্গে বলেছিলেন, হঠাত্ করেই হিপি জীবনের প্রতি নিজের আগ্রহ। মারিজুয়ানা ও এলএসডির প্রতি আসক্তির কথা।স্টিভ জবস প্রযুক্তি নিয়ে কাজ করেছেন। প্রযুক্তির উত্কর্ষতার ব্যাপারে ছিল তাঁর অসীম আগ্রহ। নিজে প্রযুক্তিকে দিয়ে গেছেন ভিন্ন এক মাত্রা। বদলে দিয়েছেন এর মানচিত্র। অপরাপর প্রযুক্তিকে দেখিয়েছেন নতুন পথ খুঁজে বের করার উপায়। কিন্তু ব্যক্তি জবস বাস করতেন মানবতা ও প্রযুক্তির মাঝামাঝি জায়গায়। এটি তাঁর উদ্ভাবনগুলো দেখলেই বুঝতে পারা যায়। সেখানে রয়েছে প্রযুক্তির ক্ষিপ্রতার সঙ্গে মানবিকতার এক অপূর্ব মিশেল। জবসকে এ নিয়ে তাঁর জীবদ্দশায় বহুবার জিজ্ঞেসও করা হয়েছে। তিনি বারবারই বলেছেন সব জিনিস নিয়ে গভীরভাবে চিন্তা করতে পারার ক্ষমতার কারণেই তাঁর হাত দিয়ে বেরিয়ে এসেছে এমন কাজগুলো। আত্মজীবনী লেখক আইজ্যাকসনকে তিনি বলেছেন আরও অদ্ভুত কথা। বলেছেন, তরুণ বয়সে মারিজুয়ানায় আসক্তি, গৌতম বুদ্ধের প্রচারিত ধর্মের প্রতি অনুরাগ তাঁর মানসিকতাকে করেছিল অন্য কারও চেয়ে ভিন্ন। স্টিভ জবস বারবারই তাঁর অর্জনের জন্য কৃতজ্ঞ হয়েছেন এই ব্যাপারগুলোর প্রতি। উচ্চশিক্ষার জন্য তিনি যখন রিড কলেজে ভর্তি হলেন, ঠিক সেই সময় হিপি জীবন বেছে নিতে চেয়েছিলেন। এলএসডি সেবন করতেন প্রায়ই। এলএসডি সেবনকে নিজের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার কথা বলে গেছেন জবস মৃত্যুর কিছুদিন আগেও।একজন প্রযুক্তিবিদ হওয়ার কারণে তিনি প্রযুক্তি নিয়ে প্রচুর পড়াশোনা করবেন—এমনটা ভাবাই খুব স্বাভাবিক। কিন্তু হাফিংটন পোস্ট নামের একটি পত্রিকা স্টিভ জবসের আত্মজীবনীর যে অংশগুলো গত শুক্রবার থেকে প্রকাশ করে আসছে, তাতে জবসের পাঠ্য হিসেবে খুব অল্পসংখ্যক প্রযুক্তিবিষয়ক বই-ই এসেছে। আত্মজীবনী লেখক আইজ্যাকসন তার পরও বেশ কিছু প্রযুক্তিবিষয়ক বইয়ের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে রয়েছে, ক্লাইটন ক্রিসটেনসেনের ‘দ্য ইনোভেটরস ডায়ালামা’ এবং ১৯৭১ সালে পড়া প্রবন্ধ সিকরেটস অব দ্য লিটল ব্ল বক্স। আইজ্যাকসন লিখেছেন, জবসের প্রযুক্তিবিদ হয়ে ওঠার পেছনে ‘দ্য ইনোভেটরস ডায়ালামা’র অনেক ভূমিকা রয়েছে। তিনি এই বইটি পড়তে সব সময় খুব পছন্দ করতেন। যেকোনো সময় অ্যাপলের যেকোনো ব্যাপারে সমস্যায় পড়লেই তিনি এই বইটি চোখের সামনে মেলে ধরতেন। ‘সিকরেটস অব দ্য লিটল ব্লু বক্স’ ছিল একজন ফোন হ্যাকারের বিষয় নিয়ে প্রবন্ধ। এই প্রবন্ধটি পড়ার কিছুদিন পরই বন্ধু ওজনিয়াককে সঙ্গে নিয়ে তিনি পৃথিবীর সামনে নিয়ে আসেন অ্যাপল কম্পিউটার।সাহিত্যও কম পড়েননি স্টিভ জবস। শেকসপিয়ার, প্লাতো-অনেকের সাহিত্যই তিনি নানা বয়সে গোগ্রাসে গিলেছেন। রিড কলেজে পড়ার সময় ভিন্ন মাত্রার কিছু সাহিত্যের প্রতি তাঁর অনুরাগ জন্মায়। কিং লিয়ার, মবি ডিক ও ডিলান টমাসের কবিতার প্রতিও সে সময় দারুণ আকৃষ্ট ছিলেন তিনি। এর পাশাপাশি সুনরিও সুজুকির জেন মাইন্ড, বিগিনার্স মাইন্ড, চগইয়াম ত্রুংপার অটোবায়োগ্রাফি অব ইয়োগি—এ বইগুলো জবস সারা জীবনে বহুবার, বারবার পড়েছেন। পড়ে আনন্দ পেয়েছেন।একটা সময় ছিল যখন দিনের পর দিন শাকসবজি, ফলমূল খেয়ে থাকতেন স্টিভ জবস। এ সময় তিনি বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট ছিলেন। কখনো এমন দিন আসত যখন তিনি প্রতি মাসের ১৫ দিন না খেয়ে সংযম পালন করতেন। তবে রিড কলেজে পড়ার সময় ডায়েট ফর স্মল প্ল্যানেট নামের একটি বই পড়ে তিনি খাওয়াদাওয়ার প্রতি আকৃষ্ট হন। তিনি মাংস খাওয়া শুরু করেন এ সময় থেকেই।আত্মজীবনী লেখক ওয়াল্টার আইজ্যাকসন একটি বিশেষ বইয়ের কথা উল্লেখ করেছেন বারবার। সেটা হলো, অটোবায়োগ্রাফি অব যোগা। এ বইটি তিনি মৃত্যুর কিছুদিন আগেও নিজের আইপ্যাডে ডাউনলোড করেছিলেন। এই বইটি ছিল একাগ্রতা অনুশীলন ও আধ্যাত্মিকতার ওপর লেখা। এই বইয়ের প্রতিপাদ্য তিনি নিজের জীবনে প্রয়োগ করতে চেয়েছেন, কিছুটা করেও ছিলেন।সংগীত ভালোবাসতেন স্টিভ জবস। ষাট-সত্তরের আর সব তরুণদের মতোই বব ডিলান ছিলেন তাঁর ‘হিরো।’ নিজের আইপডে সব সময়ই ডিলানের প্রায় ডজন খানেক অ্যালবাম নিয়ে ঘুরতেন। সুযোগ পেলেই কানে এয়ারফোন লাগিয়ে আইপড অন করে ডিলানের জগতে ডুবে যেতেন। এ ছাড়া বিটলস ছিল তাঁর প্রিয় ব্যান্ড। রোলিং স্টোনের গান, জোয়ান বয়েজের গান ছিল তাঁর অসম্ভব প্রিয়। অ্যাপলের প্রতিষ্ঠা ও নিজের প্রযুক্তি উদ্ভাবনে বিটলসের কাজগুলো নাকি তাঁকে দারুণভাবে উজ্জীবিত করেছিল—এ কথা তিনি আইজ্যাকসনকে প্রায়ই বলতেন।আগেই বলা হয়েছে, বব ডিলান ছিলেন জবসের হিরো। বিটলস যেমন তাঁর কাজের উজ্জীবনী সুধা ছিল, ডিলান ছিলেন তাঁর পথপ্রদর্শক। বব ডিলানের একটি কথা তিনি মনেপ্রাণে বিশ্বাস করতেন। কথাটি হলো, ‘যদি তুমি জন্মে ব্যস্ত না হও, তাহলে মনে রাখবে, তোমার ব্যস্ততা শুরু হবে মৃত্যুকে ঘিরে।’পুরো জীবনেই তো এই উক্তি অনুসরণ করে গেছেন স্টিভ জবস।