ডিসেম্বরে খুলনায় আইসিসিআইটি সম্মেলন
আগামী ২১ থেকে ২৩ ডিসেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ১৬তম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (আইসিসিআইটি)। বাংলাদেশেই এর আগে ১৫ বার ‘আইসিসিআইটি ২০১৩’ শিরোনামের কম্পিউটার এবং তথ্যপ্রযুক্তিবিষয়ক এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকার বেসিস সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এ সম্পর্কে বিস্তারিত জানানো হয়। সংবাদ সম্মেলনে আইসিসিআইটি ২০১৩ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সম্মেলনের আয়োজক কমিটির প্রধান খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি (সিএসই) বিভাগের প্রধান অধ্যাপক রামেশ্বর দেবনাথ। তিনি বলেন, ‘আইসিসিআইটি দেশের মধ্যে অনুষ্ঠিত সর্ববৃহৎ ও অতি পরিচিত তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্মেলন। ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এনসিসিআইএস) নামে একটি সম্মেলনের আয়োজন করে। পরবর্তী সময়ে ১৯৯৮ সালে এটি আইসিসিআইটি নামে পরিচিত হয়।’ সম্মেলনে দেশের সব বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এই সম্মেলনে যোগদান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সম্মেলনে উপস্থিত ছিলেন ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম লুৎফুর রহমান, আইসিসিআইটি কাউন্সিলের সাধারণ সম্পাদক মুনির হাসানসহ অনেকে।সম্মেলনে জানানো হয়, দেশে সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ১০৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সিএসই-বিষয়ক বিভাগের সংখ্যা ১২৩টি। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শেষ বর্ষের শিক্ষার্থীরা এসব সম্মেলনে এসে বিভিন্ন প্রজেক্ট বা গবেষণামূলক কাজ কম খরচে করতে পারেন। অংশগ্রহণকারীদের জন্য সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ, খুলনা শিপইয়ার্ড ও মংলা বন্দর ভ্রমণের ব্যবস্থা থাকবে।গবেষণার কাজে উৎসাহিত করার জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ের দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হবে। ওয়েব: www.iccit.org.bd/2013। —নিজস্ব প্রতিবেদক