ডিসেম্বরে চট্টগ্রামে কম্পিউটার সিটির মেলা
‘চিটাগাং কম্পিউটার সিটি’ নামে চট্টগ্রাম নগরের চৌমুহনী মোড়ের জোহরা টাওয়ারে প্রযুক্তিপণ্য বিপণিকেন্দ্র (মার্কেট) ও মেলা শুরু হবে ১ ডিসেম্বর। এ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন মেলা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন চিটাগাং কম্পিউটার সিটির সভাপতি মো. সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, সহসম্পাদক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক কামরুল হাসানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন এই বিপণিকেন্দ্রের উদ্বোধনের দিন থেকে এখানে ১০ দিনের প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে। মেলা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘নতুন এই বিপণিকেন্দ্র সবার কাছে পরিচিত করে তোলার জন্য আমরা এ মেলার আয়োজন করেছি। কম্পিউটার, নোটবুক, প্রিন্টার, ইন্টারনেট মডেমসহ সব ধরনের প্রযুক্তিপণ্য এখন একই জায়গায় পাওয়া যাবে। বিক্রয়োত্তর সেবা ও পণ্যের মান ঠিক রাখার লক্ষ্য নিয়ে এ বিপণিকেন্দ্র গড়ে তোলা হয়েছে। এখানকার সবাই বাংলাদেশ কম্পিউটার সমিতির সদস্য।’আয়োজক ও মেলা কমিটি সূত্রে জানা যায়, চিটাগাং কম্পিউটার সিটির তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলায় দেশের নামকরা প্রযুক্তিপণ্য বিক্রেতা, আমদানিকারক, সরবরাহকারী, পরিবেশকসহ ৫৪টি প্রতিষ্ঠানের ৫৪টি স্থায়ী দোকান রয়েছে। মেলায় কুইজ ও কুপনের মাধ্যমে পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। মেলার মূল পৃষ্ঠপোষক ক্যাসপারস্কি। গোল্ড স্পন্সর ফুজিৎসু, লজিটেক ও তোশিবা। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। —নিজাম সিদ্দিকী, চটগ্রাম অফিস