ডিসেম্বরে ঢাকায় ই-এশিয়া
আগামী ১ ডিসেম্বর ঢাকায় শুরু হচ্ছে এশিয়ার অন্যতম বগ তথ্যপ্রযুক্তি মেলা ই-এশিয়া। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনের এ আয়োজন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গতকাল বুধবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে এক সম্মেলনে এসব তথ্য জানান বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। এ মন্ত্রণালয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ই-এশিয়ার আয়োজকের দায়িত্ব পালন করছে। লিখিত বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো তথ্যপ্রযুক্তিভিত্তিক (আইসিটি) উন্নয়ন প্রচেষ্টায় বাংলাদেশের অর্জিত সাফল্য ও সক্ষমতা বহির্বিশ্বের প্রতিনিধিদের সামনে উপস্থাপন, দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানোর পথ খোঁজা এবং প্রযুক্তিনির্ভর উন্নয়নে এশীয় দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার পথ প্রশস্ত করা।সংবাদ সম্মেলনে জানানো হয়, তিন দিনের এ আয়োজনে থাকবে বিভিন্ন বিষয়ে ৩০টি সেমিনার ও কর্মশালা। মেলায় বিভিন্ন দেশে তথ্যপ্রযুক্তির বহুমুখী ব্যবহার তুলেধরা হবে।পাশাপাশি প্রদর্শনীতে ভারত, চীন, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, জাপান ও থাইল্যান্ডের ছয়টি প্যাভিলিয়ন থাকবে। এ ছাড়া নেদারল্যান্ড, ডেনমার্ক, ইংল্যান্ড, নরডিক চেম্বার, এনটিএফ-২-এর প্রজেক্টের স্টল থাকবে।প্রতিমন্ত্রী বলেন, এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রীয় নেতা, দেশ ও বিদেশের শীর্ষস্থানীয় আইসিটি প্রতিষ্ঠান এবং বরেণ্য আইসিটি নেতারাসহ প্রায় ৪০০ থেকে ৫০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে দেশের তথ্যপ্রযুক্তি খাতে বিদেশি বিনিয়োগের সম্ভাবনাও তৈরি হবে।লিখিত বক্তব্যে দেশে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরে বলা হয়, পৌনে তিন বছরে দেশে মুঠোফোন গ্রাহকের সংখ্যা প্রায় তিন কোটি বেড়েছে। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে কয়েক গুণ। ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা আড়াই বছরে প্রায় ১৫ গুণ বৃদ্ধি পেয়েছে। এখন বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২০ লাখ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সচিব রফিকুল ইসলাম, বিসিসির নির্বাহী পরিচালক জ্ঞানেন্দ্রনাথ বিশ্বাস, বিজ্ঞান ও আইসিটি মন্ত্রণালয়ের পরামর্শক মুনীর হাসান প্রমুখ। —নিজস্ব প্রতিবেদক