ডিসেম্বরে ঢাকায় ক্লাউড কম্পিউটিং নিয়ে আয়োজন
আগামী ৭ ডিসেম্বর ঢাকায় ক্লাউড কম্পিউটিং নিয়ে একটি ক্যাম্পের আয়োজন করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ক্লাউড ক্যাম্পের সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২’-এর অংশ হিসেবে এই ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। ক্যাম্পের বিভিন্ন আয়োজনে ক্লাউড কম্পিউটিংয়ের নানা রকম তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয় নিয়ে কথা বলবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞরা। খবর বিজ্ঞপ্তির।ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২-এর পরামর্শক মুনির হাসান বলেন, অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বর্তমানে ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহার শুরু হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সময় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা এই পদ্ধতি ব্যবহারে সফল হন। ঢাকার ক্লাউড ক্যাম্পে অভিজ্ঞতা বিনিময় করতে আসবেন অনলাইন প্রতিষ্ঠান গ্যাজলের উদ্যোক্তা আদিত্য ওয়াতাল, ডেলের ওপেন স্টেক প্রোজেক্টের আর্কিটেক্ট জুড মালটিল, ক্লাউড নিরাপত্তা বিশেষজ্ঞ লেনি জেল্টসের এবং ক্লাউড কম্পিউটার সেবা প্রতিষ্ঠান ভার্চুস্ট্রিমের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রুভেন কোহেন।ভার্চুস্ট্রিমের পরিচালক এবং ঢাকা ক্লাউড ক্যাম্পের সমন্বয়কারী মোহাম্মাদ জামান জানান, এ ক্যাম্পে নানা বিষয় থাকবে। ৬ ডিসেম্বর একটি সাধারণ সেমিনারে তুলে ধরা হবে ক্লাউড কম্পিউটিংয়ের বিভিন্ন দিক। পরদিন ক্লাউড ক্যাম্পে ওপেন স্টেক, বিগ ডেটা, ক্লাউড নিরাপত্তা, মোবাইল ফোনের অ্যাপ্লিকেশন সম্পর্কে আলোচনা হবে।