ডিসেম্বরে ঢাকায় ডিজিটাল ওয়ার্ল্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সাম্প্রতিক কালে বিশ্বব্যাপী মানুষের জীবনমানের প্রভূত উন্নতি হয়েছে। জীবনযাত্রার মান বাড়াতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির ব্যবহার নিয়ে বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগ, বেসরকারি খাতের সাফল্য ইত্যাদি তুলে ধরার লক্ষ্যে আগামী ৬ থেকে ৮ ডিসেম্বর ঢাকায় প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড মেলা। গতকাল মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে অনুষ্ঠিত এক সভায় এ তথ্য জানানো হয়। তথ্য ও যোগাযোগপ্রযুক্তিসচিব জহিরুল ইসলাম খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিসিসির নির্বাহী পরিচালক জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ফয়েজউল্যাহ্ খান, আইএএসপি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আখতারুজ্জামান, তথ্যপ্রযুক্তিবিদ মুনির হাসান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের মহাসচিব রাসেল টি আহমদসহ অনেকে উপস্থিত ছিলেন। এ ছাড়া সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা ছাড়াও ব্যাংকার্স সিটিও ফোরাম, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তিন দিনের ডিজিটাল ওয়ার্ল্ড আয়োজনে থাকছে দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের উপস্থাপনায় সেমিনার ও কর্মশালা, সফল নাগরিক সেবা, প্রযুক্তিপণ্য ও সেবা এবং সাম্প্রতিক প্রযুক্তির ধারা নিয়ে প্রদর্শনী, মুক্ত পেশাজীবীদের সম্মেলন, কারিগরি উদ্যোক্তাদের সম্মেলন ইত্যাদি। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ‘ডিজিটাল আইডিয়া’ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। সভায় আরও জানানো হয়, দেশের ৫০টি বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কলেজে এই উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হবে। এ ছাড়া দেশের আইসিটি খাতের বিভিন্ন বিষয় নিয়ে বেশ কিছু জরিপ ও গবেষণা পরিচালনা করা হবে। সম্মেলনে বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠনগুলোর শীর্ষ নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হবে।সভায় জানানো হয়, ডিজিটাল ওয়ার্ল্ড সফল করার জন্য একটি সাংগঠনিক কমিটি ও একাধিক উপকমিটি গঠন করা হয়েছে। —নিজস্ব প্রতিবেদক