চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সড়ক ও জনপদ অধিদপ্তর, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কার্যক্রমে ইলেকট্রনিক দরপত্র ব্যবস্থা (ই-টেন্ডারিং) চালু হচ্ছে। বিশ্বব্যাংকের সহায়তায় প্রকল্পটি পরিকল্পনা মন্ত্রণালয়ের ইমপ্লিমেনটেশন মনিটরিং ও ইভ্যালুয়েশন ডিভিশনের (আইএমইডি) সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) বাস্তবায়ন করছে। পুরো ক্রয়পদ্ধতি প্রক্রিয়াটি ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্টের (ই-জিপি) নীতিমালায় থাকছে এবং এরই একটি অংশ হিসেবে চালু হবে ই-টেন্ডারিং ব্যবস্থা। এ কার্যক্রমের জন্য তৈরি নীতিমালার বিষয়ে গতকাল রোববার পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ইলেকট্রনিক পদ্ধতিতে এ ধরনের কার্যক্রমের ফলে সরকারি কেনাকাটাসহ অন্যান্য কার্যক্রম সহজ হবে এবং স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বাড়বে। চলতি বছরের ডিসেম্বরে ই-টেন্ডারিং প্রক্রিয়ার মাধ্যমে ই-জিপি কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি। এছাড়াও এর জন্য প্রয়োজনীয় ডিজিটাল স্বাক্ষর পদ্ধতিও শীঘ্রই চালু হবে বলে জানা গেছে। কর্মশালায় বক্তৃতা করেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এলেন গোল্ডস্টেইন, সিপিটিইউর মহাপরিচালক অমূল্য কুমার দেবনাথ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি বিভাগের সচিব মো. আবদুল মালেক। কর্মশালায় ই-জিপি বিষয়ে প্রবন্ধ পড়েন সিপিটিইউর পরামর্শক রাজেশ কুমার, ডিজিটাল স্বাক্ষর বিষয়ে প্রবন্ধ পড়েন আইসিটি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান এবং ই-জিপি খসড়া নীতিমালা বিষয় উপস্থাপন করেন সিপিটিইউর পরামর্শক এ মনসুর। কর্মশালায় বিভিন্ন সরকারি, বেসরকারি, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। —নুরুন্নবী চৌধুরী