‘কলেজজীবন শেষ করে সবেমাত্র বিশ্ববিদ্যালয়জীবনে পা রাখি। আর আগে থেকেই মাথায় ঘুরপাক করতে থাকে গণিত ও বিজ্ঞান নিয়ে কাজ করব। তাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সঙ্গে সঙ্গে খোঁজ নিতে থাকি এখানে কোনো বিজ্ঞান বা গণিতের ক্লাব আছে কি না? কথা বলি বিশ্ববিদ্যালয়ের বড় ভাইদের সঙ্গে। তাঁরা জানান, কোনো ক্লাব বা সংগঠন নেই। তার পর থেকে এমন একটি ক্লাবের কথা ভাবতে থাকি।’ এভাবেই গড়ে ওঠে গাজীপুরের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও গণিত ক্লাব। সেরা গণিত ক্লাব নির্বাচিত হওয়ার পর নিজেদের শুরুর দিককার কথা জানান ডুয়েট গণিত ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও প্রতিষ্ঠাতা মোস্তাফিজুর রহমান ও অনিরুদ্ধ পাল।বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি প্রতিবছর যেভাবে সারা দেশে গণিত নিয়ে, স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে মাতামাতি করছে, তা দেখে নিজ এলাকার শিক্ষার্থীদের জন্য কিছু একটা করার প্রচেষ্টা নিজেদের ভেতর শুরু করলাম। যেন শিক্ষার্থীরা গণিতের প্রতি ভালোবাসা দেখায়। জানতে পারে কীভাবে গণিতকে জয় করতে হয়। সব মিলিয়ে নিজেদের এলাকা যেন গণিত থেকে পিছিয়ে না যায়। তাই ২০০৯ সালের ১৫ জুন শতাব্দীর সর্বশেষ সূর্যগ্রহণের ওপর একটি সেমিনারের আয়োজন করা হয়। সেই দিনই ১৮ জনকে সঙ্গে নিয়ে প্রাথমিক পর্যায়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে গাজীপুরের ডুয়েট গণিত ও বিজ্ঞান ক্লাব। উদ্দেশ্য গণিতের ভিত্তি মজবুত করে বিজ্ঞান ও গণিতচর্চাকে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়া’—বলছিলেন অনিরুদ্ধ পাল।গণিত হলো বিজ্ঞানের ভাষা। বিজ্ঞান শিখতে হলে ভালোভাবে গণিতকে আয়ত্ত করে নিতে হবে। আর তাই ডুয়েট বিজ্ঞান ও গণিত ক্লাবের স্লোগান ‘গণিতের সঙ্গে বিজ্ঞানের পথে’।২০১০ সালের ৪ এপ্রিল প্যারালাল ম্যাথ স্কুল চালু করা হয় ডুয়েটে। যোগাযোগ করা হয় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক সমন্বয়কারী সুব্রত দেবনাথের সঙ্গে। তার পর থেকে কমিটির সহযোগিতায় কার্যক্রম পরিচালিত হতে থাকে। বিভিন্ন সময় ঢাকা ও ময়মনসিংহ থেকে ডুয়েট গণিত ক্লাবে ক্লাস নিতে এসেছেন সৌমিত্র চক্রবর্তী, কামরুজ্জামান কামরুল, অভীক রায় ও সুব্রত দেবনাথ। তাঁদের সাহায্যে ২০১০ ও ২০১১ সালে গাজীপুরের রাজেন্দ্রপুর এবং ডুয়েটে এক হাজার ৩০ জন শিক্ষার্থী নিয়ে চার ক্যাটাগরিতে গণিত অলিম্পিয়াডের আয়োজন করা হয়। যা থেকে এলাকার শিক্ষার্থীদের গণিতের প্রতি আগ্রহ বাড়তে থাকে। ২০১০ সালে ক্লাবের একজন শিক্ষার্থী জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পায়। বর্তমানে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী মিলে ৩৫ জন শিক্ষার্থী এই ক্লাবের সদস্য। সপ্তাহে এক দিন গণিতের ওপর ক্লাস নেওয়া হয়। যাতে গণিতের প্রতি তাদের ভালোবাসা বাড়ে এবং অন্যদের অনুপ্রেরণা জোগাতে সাহায্য করবে।কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি থেকে পেয়েছে সেরা গণিত ক্লাব ২০১১। এই স্বীকৃতি তাদের কর্মকাণ্ডকে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা পালন করবে বলে ক্লাব সদস্যদের বিশ্বাস। প্রিয় পাঠক, গণিতের প্রতি আপনারও যদি ভালোবাসা থাকে, তাহলে নিজ এলাকায় গড়ে তুলতে পারেন গণিত বা বিজ্ঞান ক্লাব। চাইলে এখনই শুরু করতে পারেন। হয়তো আপনার ক্লাবই একদিন হবে সেরা গণিত ক্লাব।আবদুল্লাহ আল রাশেদ