ডুয়েটে হয়ে গেল প্রোগ্রামিং প্রতিযোগিতা
গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা শেষ হয়েছে গত রোববার। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগ এবং ডুয়েট কম্পিউটার সোসাইটি যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে। পরে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডুয়েটের উপাচার্য এম সবদার আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের প্রধান মো. আবুল কাশেম, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল অনুষদের ডিন মোহাম্মদ আবদুল মান্নান, ছাত্রকল্যাণ পরিচালক নঈম শেখ প্রমুখ। প্রতিযোগিতায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৪৭টি দল অংশ নেয়। এতে ডুয়েটের নাহিয়ান, বাসার ও আনিস প্রথম; আশিষ, সোহেল ও এনায়েত দ্বিতীয় এবং মহিউদ্দীন, মারুফ ও সন্দীপন তৃতীয় স্থান অধিকার করেন। প্রতিযোগিতায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের অধ্যাপক এম এম এ হাসেম প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন। —নাজমুল হক, ডুয়েট প্রতিনিধি