প্রযুক্তিই প্রগতি—স্লোগানটি ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট)। অথচ কারিগরি এই শিক্ষাপ্রতিষ্ঠানটির আবাসিক হলগুলোতেই নেই ইন্টারনেটের সংযোগ। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার কেন্দ্রে স্বল্পসংখ্যক কম্পিউটার থাকলেও সেখানে ইন্টারনেটের গতি একেবারেই কম। ফলে ডুয়েটের শিক্ষার্থীরা সেখানেও ঠিকমতো ইন্টারনেট-সুবিধা পাচ্ছেন না। এতে তাঁদের পড়ালেখাসহ অন্যান্য দরকারি তথ্য পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, তাদের সদিচ্ছা থাকলেও সীমাবদ্ধতার কারণে এ সমস্যা দূর করা সম্ভব হচ্ছে না।বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাইফুল, মিম, নিশাদসহ আরও অনেকে জানান, তাঁদের পাঠক্রমের বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজতে একাধিক লেখকের বই পড়তে হয়। বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে পর্যাপ্তসংখ্যক বই নেই। আবার সব বই কেনাও তাঁদের পক্ষে সম্ভব নয়। সে ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার খুবই জরুরি। চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের গবেষণা বা অভিসন্দর্ভ তৈরির কাজ করতে এবং নতুন প্রযুক্তি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে ইন্টারনেটের ব্যবহার খুব প্রয়োজন। কিন্তু তাঁদের হলে কোনো ইন্টারনেটের সংযোগ নেই। বাধ্য হয়ে মডেমের সাহায্যে ইন্টারনেট ব্যবহার করছেন কেউ কেউ। প্রতি মাসে বাড়তি এ খরচ জোগাতে গিয়ে হিমশিম খাচ্ছেন তাঁরা। অধিকাংশ শিক্ষার্থীরই এভাবে ইন্টারনেট ব্যবহার করার সামর্থ্য নেই।এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার কেন্দ্রের চেয়ারম্যান মোহাম্মদ আনওয়ারুল আবেদিন প্রথম আলোকে জানান, আপাতত আবাসিক হলগুলোতে ইন্টারনেট সংযোগ দেওয়া সম্ভব নয়। তবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেটের সংযোগ নেওয়ার চেষ্টা চলছে। এটা নিতে পারলে হলগুলোতে একটি করে তারহীন ল্যান স্থাপন করা যেতে পারে। সে ক্ষেত্রে মডেমের মাধ্যমে শিক্ষার্থীরা কিছুটা ইন্টারনেট-সুবিধা পাবে। তিনি জানান, হলের কক্ষগুলোতে ইন্টারনেটের সংযোগ দিতে হলে উচ্চগতিসম্পন্ন লাইন দরকার, যা তাদের নেই। তবে এসব সমস্যা সমাধানের জন্য একটি প্রকল্প বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে তাঁরা পাঠিয়েছেন। ওই প্রকল্প পাস হলে শিক্ষার্থীসহ সবার এ-সংক্রান্ত সমস্যা দূর হবে বলে তিনি মনে করেন। —নাজমুল লিখন, ডুয়েট প্রতিনিধি