ডেঙ্গু মোকাবিলায় মশা নিয়োগ!

জিন প্রকৌশলের মাধ্যমে রূপান্তরিত কয়েক লাখ মশা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কি ওয়েস্ট এলাকায় ছেড়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এতে জনস্বাস্থ্যের উপকার হবে বলে গবেষকেরা দাবি করছেন। কারণ, নতুন মশাগুলোর সাহায্যে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক জ্বরের জীবাণু ছড়ানোর জন্য দায়ী মশা মোকাবিলা করা হবে।
যুক্তরাজ্যভিত্তিক জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান অক্সিটেক জানায়, রূপান্তরিত মশাগুলোকে অন্যান্য মশার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে। ফ্লোরিডার কি ওয়েস্ট এলাকায় মশার সংখ্যা বৃদ্ধির ব্যাপারটিকে একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ডেঙ্গুর চিকিৎসার জন্য কোনো অনুমোদিত প্রতিষেধক বা ওষুধ নেই। তাই বিজ্ঞানীরা এ রোগের জন্য দায়ী মশাগুলোকে মোকাবিলা করার ওপর জোর দিচ্ছেন। আর সেই প্রচেষ্টা থেকেই প্রাণীটির জিনগত রূপান্তর ঘটানো হয়েছে। প্রথমে মশার ছোট্ট ডিমে খুবই সামান্য পরিমাণ ডিএনএ প্রবেশ করানো হয়। এ প্রক্রিয়ায় অনেক ডিমই মরে যায়, বাকিগুলো ওই ডিএনএকে নিজের মতো করে গ্রহণ করে না। কিন্তু সামান্য কয়েকটি মশার ওপর ওই ডিএনএ কার্যকর জিনোম হিসেবে সফল হয় এবং প্রাণীটির পরবর্তী প্রজন্মের প্রজনন ক্ষমতা নষ্ট করে দেয়। এই নিষ্ফলা মশা যখন ডেঙ্গু ছড়ানোর জন্য দায়ী স্ত্রী মশার সঙ্গে মিলিত হবে, সেই মশার ডিম থেকে কোনো নতুন মশার জন্ম হবে না। এভাবে মশার বংশবিস্তারের গতি ধীর করে দেওয়া সম্ভব হবে বলে বিজ্ঞানীরা আশা করছেন।
তবে জিনগত রূপান্তরের মাধ্যমে তৈরি এ ধরনের জীবসত্তা (জিএমও) প্রকৃতিতে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার ব্যাপারে শঙ্কিত হয়ে পড়েছেন অনেকে। এই পরীক্ষা বন্ধ করার আহ্বান জানিয়ে চেঞ্জ ডট কম নামের ওয়েবসাইটে অন্তত এক লাখ ৩০ হাজার মানুষ স্বাক্ষর করেছে। সাধারণ মানুষের আশঙ্কা, জিন রূপান্তরিত মশাগুলোর কামড়ে মানুষের বিভিন্ন রোগ ও ক্ষতিকর প্রতিক্রিয়া হতে পারে।
তবে অক্সিটেকের বিজ্ঞানীরা বলছেন, তাঁরা মূলত রূপান্তরিত পুরুষ মশাগুলো অবমুক্ত করতে চান। কারণ, এরা কাউকে কামড়ায় না। আর বিভিন্ন রোগজীবাণু সাধারণত স্ত্রী মশার কামড়ের মাধ্যমেই ছড়ায়।
ক্ষতিকর মশা দমনের এই পরিকল্পনা বা উদ্যোগ কতটা সফল হবে, সে ব্যাপারে নিশ্চিত নন বিজ্ঞানীরা। পুরোটাই নির্ভর করছে প্রজনন ক্ষমতাহীন পুরুষ মশাগুলো বুনো মশার সঙ্গে প্রতিযোগিতা করে স্ত্রী মশার সঙ্গে মিলিত হওয়ার কাজে কতটা সফল হয়, তার ওপর।
সূত্র: ভক্স ও ফক্সনিউজ।