ডেটিং শেখাতে লাখ ডলার নিচ্ছেন অ্যামি

সঙ্গী খুঁজতে স্মার্ট লোকদেরও সাহায্য নেওয়ার প্রয়োজন পড়ে। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে সেই সুযোগ পাওয়া যায়। সিলিকন ভ্যালির পুরুষেরা অ্যামি অ্যান্ডারসেনের কাছ থেকে ডেটিং শেখেন। আর এ জন্য লাখ ডলার খরচ করতেও তাঁদের আপত্তি নেই। অ্যামি লিনক্স ডেটিং নামের একটি ওয়েবসাইট চালান। এই ওয়েবসাইটে পুরুষদের পোশাক থেকে শুরু করে কেনাকাটাসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া হয়। সম্প্রতি প্রযুক্তি ও ব্যবসাবিষয়ক ওয়েবসাইট বিজনেস ইনসাইডারে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সিলিকন ভ্যালিতে ডেটিং মার্কেটপ্লেসের তথ্য অনুযায়ী পুরুষেরা অ্যামির কাছ থেকে ডেটিং শেখার জন্য ১০ হাজার ডলার থেকে শুরু করে এক লাখ ডলার পর্যন্ত খরচ করছেন।
যৌনকর্মীর জালে সিলিকন ভ্যালি
লিনক্সের সার্ভিসের মধ্যে রয়েছে খাবার, গাড়ি, পোশাক-পরিচ্ছদবিষয়ক পরামর্শ। এ ছাড়া কেনাকাটা ও ঘর সাজানোর জন্যও বিশেষ পরামর্শ দেন অ্যামি। অনেকে বলড্যান্স শিখতেও অ্যামির কাছে যান।
ফরচুনের এক প্রতিবেদনে বলা হয়, অ্যামির শিক্ষার্থীর তালিকায় অ্যাপল, গুগল, ফেসবুকের মতো প্রতিষ্ঠানের শীর্ষপর্যায়ের কর্মী, প্রযুক্তি উদ্যোক্তারাও রয়েছেন।