ডেমরাতে সিটি গ্রুপের উদ্যোগে হাইটেক পার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে সিটি গ্রুপের ‘সিটি হাইটেক পার্ক’ স্থাপনের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান
ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরাতে সিটি গ্রুপের উদ্যোগে হাইটেক পার্ক তৈরি করা হবে। পাঁচ হাজার কোটি টাকা ব্যয়ে এই পার্ক নির্মাণ করা হবে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সিটি গ্রুপকে পার্ক ডেভেলপার হিসেবে স্বীকৃতি দিয়ে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের কার্যালয়ে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ এবং সিটি হাইটেক পার্ক লিমিটেডের চেয়ারম্যান মো. হাসান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেমরায় ১১৫ একর জমিতে গড়ে উঠবে সিটি হাইটেক পার্ক। এতে ১৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে। গত ৩১ মে ‘সিটি হাইটেক পার্ক’কে বেসরকারি হাইটেক পার্ক হিসেবে ঘোষণা করে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। এর ফলে এই পার্কে বিনিয়োগকারীরা ১৪টি প্রণোদনা সুবিধাসহ বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ থেকে ওয়ান-স্টপ সার্ভিস পাবে। গত মে মাসে পার্ক স্থাপনের অনুমতি পাওয়ার পর সিটি গ্রুপ কাজ শুরু করেছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম বলেন, সিটি গ্রুপের মতো বড় প্রতিষ্ঠান হাইটেক পার্ক স্থাপনে এগিয়ে আসায় দেশের অন্য কোম্পানিগুলোও উৎসাহিত হবে। সিটি গ্রুপ দ্রুততম সময়ে এই পার্ক তৈরি করে কর্মচঞ্চল পরিবেশ সৃষ্টি করবে বলে তিনি আশা করেন।
বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ বলেন, দেশে এই মুহূর্তে পাঁচটি হাইটেক পার্ক বিনিয়োগের জন্য প্রস্তুত এবং আরও তিনটি পার্ক উদ্বোধনের অপেক্ষায়। এখন পর্যন্ত হাইটেক পার্কগুলোতে ১৪০টির বেশি স্টার্টআপ কোম্পানিকে বিনা মূল্যে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। হাইটেক পার্ক কর্তৃপক্ষ আইসিটি খাতে ২০২০ সাল পর্যন্ত প্রায় ২১ হাজার মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থানের সৃষ্টি করেছে।

যে ধরনের ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্য বাংলাদেশে তৈরি করার কথা কেউ ভাবেনি, তা তৈরি করার কথা বলেন সিটি হাইটেক পার্ক লিমিটেডের চেয়ারম্যান মো. হাসান।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (অর্থ ও প্রশাসন) এন এম সফিকুল ইসলামসহ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।