ডেমোক্রেশিয়া গেমে রুশ রাজনীতির খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেমোক্রেশিয়া গেম
ডেমোক্রেশিয়া গেম

ভোটারদের কিনে নাও, সরকারি তহবিল তসরুপ করো এবং বনে যাও শক্তিশালী জার। এসবই হচ্ছে ডেমোক্র্যাশিয়া নামে একটি ভিডিও গেমের সার কথা। এখানে যেসব চরিত্র আনা হয়েছে, তাদের সঙ্গে রাশিয়ার সুপরিচিত রাজনীতিবিদদের মিল পাওয়া যায়। গেমটি তৈরি করেছে নেসকিনসফট নামে একটি প্রতিষ্ঠানের একজন কর্মী।
নেসকিনসফট জানিয়েছে, এই গেমটি ইতিমধ্যে প্রায় ১৫ লাখ রুশ নাগরিক ইন্টারনেট থেকে নামিয়েছেন। প্রতি মাসে নতুন এক লাখ ব্যবহারকারী মোবাইল ফোন ও কম্পিউটারে গেমটি খেলছে। মূলত রাশিয়ার নির্বাচনের অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির চিত্র এতে ফুটিয়ে তোলা হয়েছে।
এ গেমে খেলোয়াড়েরা চাইলেই নির্বাচনী প্রচারণার জন্য বরাদ্দকৃত বাজেটের চেয়ে বেশি খরচ করতে পারবেন, সংবিধান লঙ্ঘন করতে এবং সাংসদদের ঘুষ দিতে পারবেন।
গেমের নির্মাতা ভ্যালেনটিন মারজিলিকিন (৩৭) একজন কম্পিউটার প্রোগ্রামার। জন্ম রাশিয়ার মস্কোতে হলেও তিনি এখন বসবাস করেন বেলারুশে। ২০১১ সালের ১০ ডিসেম্বর ডেমোক্রেশিয়া মুক্তি পায়। একই দিন রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে মস্কোতে ব্যাপক বিক্ষোভ হয়। পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত এই বিক্ষোভ চলতে থাকে। গত বছরের ডিসেম্বরের পর গেমটির মোট ২০টি সংস্করণ বের হয়। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান