ডেল আনছে ২৪ ইঞ্চি মাপের ৪কে মনিটর

এইচডি বা হাই ডেফিনেশন মানের তুলনায় চারগুণ বেশি রেজুলেশনের আলট্রা হাই ডেফিনেশন বা ফোরকে মনিটর তৈরি করছে কম্পিউটার নির্মাতা ডেল। ২৪ ইঞ্চি মাপের ডেলের এই মনিটর শিগগিরই বাজারে আসবে বলে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে তথ্য দেওয়া হয়েছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট আনন্দটেক এক প্রতিবেদনে জানিয়েছে, বাজারে ৩২ ইঞ্চি মাপের ফোরকে ডিসপ্লে থাকলেও ২৪ ইঞ্চি মাপের ফোরকে মনিটর ক্রেতাদের আগ্রহ তৈরি করতে পারে।
ডেল জানিয়েছে, ইউপি২৪১৪কিউ মডেলের আলট্রা এইচডি মনিটরটিতে প্রতি ইঞ্চিতে পিক্সেলের ঘনত্ব হবে ১৮৪ ও এতে ভিউয়িং অ্যাংগেল হবে ১৭৮ ডিগ্রি পর্যন্ত। এ ছাড়াও ১০ বিট ক্ষমতাসম্পন্ন এই মনিটরটিতে থাকছে এইচডিএমআই, ডিসপ্লে পোর্ট, চারটি ইউএসবি পোর্ট ও সিক্স ইন ওয়ান কার্ড রিডার।
ডেল এখনও এই মনিটরটির দাম ঘোষণা করেনি। ডেলের ৩২ ইঞ্চি মাপের ফোরকে মনিটরের দাম সাড়ে তিন হাজার ডলার। ২৪ ইঞ্চির ক্ষেত্রে দাম হয়তো কিছুটা কমতে পারে।