ডেল ছেড়ে মাইক্রোসফটে গেলেন সোনিয়া

ডেল ছেড়ে মাইক্রোসফটে যোগ দিলেন সোনিয়া বশির কবির। বাংলাদেশে মাইক্রোসফটের ‘মোবাইল ফার্স্ট, ক্লাউড ফার্স্ট’ পরিচালনা করবেন তিনি।
মাইক্রোসফট এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন কান্ট্রি ম্যানেজার হিসেবে সোনিয়া বশির কবিরের নিয়োগ আজ থেকেই কার্যকর হচ্ছে। মাইক্রোসফটের কান্ট্রি ম্যানেজার হিসেবে ২০১২ সাল থেকে দায়িত্বে থাকা পুবুদু বাসনায়েকের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি ।
প্রসঙ্গত, ডেলের কান্ট্রি ম্যানেজারের দায়িত্ব গ্রহণের আগে মাইক্রোসফট বাংলাদেশের ডিরেক্টর অব বিজনেস ডেভেলপমেন্ট ফর সাউথইস্ট এশিয়া পদে কাজ করেছিলেন সোনিয়া। যুক্তরাষ্ট্রে ওরাকল এবং সান মাইক্রোসিস্টেমসেও তাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০০৫ সাল থেকে বাংলাদেশে আমরা টেকনোলজিস, মাইক্রোসফট এবং ডেলে কাজ করেছেন তিনি।
মাইক্রোসফট সাউথইস্ট এশিয়ার প্রেসিডেন্ট সিজার সারনুদা বলেন, ‘সোনিয়া ডেলের কান্ট্রি ম্যানেজার হিসেবে কাজ করেছেন। ডেলের নেতৃত্বের অভিজ্ঞতা এবং এন্টারপ্রাইজ প্রযুক্তি সেবাদাতাদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা মাইক্রোসফটের ‘মোবাইল ফার্স্ট, ক্লাউড ফার্স্ট’ লক্ষ্য অর্জনে সহায়ক হবে।’
সোনিয়া বশির কবির বলেন, ‘মাইক্রোসফটের কান্ট্রি ম্যানেজারের দায়িত্ব দেবার পেয়ে আমি উচ্ছ্বসিত। ডিজিটাল বাংলাদেশ অর্জনে বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে আমরা কাজ করে যেতে পারব বলে আমি আশাবাদী। সরকারের দেশব্যাপী ছড়িয়ে থাকা বিভিন্ন সম্ভাবনাকে সংযুক্ত করার লক্ষ্য অর্জনের জন্য প্রযুক্তির বিশেষ ভূমিকা রয়েছে। আমরা স্থানীয় সৃষ্টিশীলতাকে উত্সাহ এবং সহযোগিতা করে যেতে চাই।’