ডেলের প্রযুক্তি নিয়ে দিনভর আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ মানুষের আগ্রহ ও চাহিদার কথা মাথায় রেখে নতুন প্রযুক্তিপণ্যের প্রচলন এবং বর্তমান প্রযুক্তি ব্যবহারের কথা তুলে ধরতে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হলো ‘ডেল সলিউশন টুর ২০১৪’। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ডেল বাংলাদেশ এ অনুষ্ঠানটির আয়োজন করে। দিনব্যাপী এ আয়োজনে মূলত বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত তথ্যপ্রযুক্তি পেশাজীবী ও বাংলাদেশে ডেলের প্রধান পণ্য সরবরাহকারীরা অংশ নেন। প্রযুক্তির নতুন ধারা নিয়ে আলোচনা, নিজেদের মধ্যে ভাবনার আদান-প্রদান এবং ভবিষ্যতের কোনো সমস্যার প্রযুক্তিগত সমাধান খোঁজাই ছিল এ আয়োজনের মূলকথা। ডেলের এ আয়োজনে সহযোগী ছিল মাইক্রোসফট ও ইনটেল।

অনুষ্ঠানে জানানো হয়, ডেলের লক্ষ্য প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি কর্মক্ষম করা। আর সে জন্য ডেল প্রযুক্তিগত সমাধান দিয়ে কর্মী ও প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় ঘটাবে, ব্যবসায়ের কাজের পদ্ধতিতে আমূল পরিবর্তন আনবে, সংশ্লিষ্ট সবার কাছে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেবে এবং সেই তথ্যের নিরাপত্তা নিশ্চিত করবে। নতুন কিছু তৈরি, নিজস্ব মতবাদের সঙ্গে মেলে, এমন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে কিংবা অধিগ্রহণ করে এগিয়ে যেতে চায় ডেল। ডেল এ পর্যন্ত এক হাজার ৮০০ কোটি ডলারে প্রায় ২০টি প্রতিষ্ঠান অধিগ্রহণ করেছে। বর্তমানে কম্পিউটার সার্ভার, তথ্য ধারণ যন্ত্রাংশ (স্টোরেজ), ডেটা সেন্টারের মতো প্রযুক্তিপণ্য বিক্রয়ে অনেক দেশেই ডেল শীর্ষে অবস্থান করছে বলে ডেল সলিউশন টুরে জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ডেলের দক্ষিণ এশিয়া উন্নয়নশীল বাজারের সাধারণ ব্যবস্থাপক শেহজাদ আসলাম খান। তিনি বলেন, ‘প্রযুক্তিগত উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। আজ থেকে ১০ বছর পরে ২০২৫ সালে মানুষের প্রয়োজনের কথা ভাবতে শুরু করেছি আমরা।’ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেিশ বাজারের পার্থক্য কোথায়, জানতে চাইলে শেহজাদ বলেন, ‘বাংলাদেশ আকারে ছোট হলেও এর বিশাল জনসংখ্যা এ দেশের শক্তি। বর্তমানে সর্বস্তরে প্রযুক্তির ব্যবহারের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা চমৎকার। ডেল সব সময় বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে চায়।’ বাংলাদেশের বাজারের জন্য ডেল ইন্সপাইরন ৩০৪৩ অল-ইন-ওয়ান কম্পিউটার ছাড়ার ঘোষণা দেন তিনি।
ডেল বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি ম্যানেজার মোহাম্মাদ আতিকুর রহমান বলেন, ‘মানুষের চাহিদার কথা মাথায় রেখেই ডেল প্রযুক্তিগত সমাধান দিতে চায়। ছোট বা বড় যেকোনো আকারের ব্যবসায়ের জন্যই টুল আছে আমাদের।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডেলের দক্ষিণ এশিয়া উন্নয়নশীল বাজারের এন্টারপ্রাইজ সলিউশন গ্রুপের প্রধান ফিলিপ উ, ইনটেল বাংলাদেশের কান্ট্রি বিজনেস ম্যানেজার জিয়া মঞ্জুর ও মাইক্রোসফট বাংলাদেশের রুমেসা হোসেন বক্তৃতা করেন।