ডেস্কটপে এল স্কাইপ ট্রান্সলেটর

গত বছরে স্কাইপ ট্রান্সলেটর সুবিধাটির ঘোষণা দিয়েছিল ইক্রোসফটের অধীন স্কাইপ। গতকাল বৃহস্পতিবার থেকে ডেস্কটপে এই সুবিধাটি চালু করার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। এখন থেকে স্কাইপ ব্যবহারকারীরা ভিন্ন ভাষাভাষী হলেও পরস্পরের সঙ্গে এই ট্রান্সলেটর সুবিধাটি ব্যবহার করে যোগাযোগ করতে পারবেন।
মাইক্রোসফট বলছে, স্কাইপ ট্রান্সলেটরের কল্যাণে ভাষার বাধা দূর হয়েছে। প্রথমে স্কাইপ ট্রান্সলেটর কেবল উইন্ডোজ ৮ এর জন্য অ্যাপ্লিকেশন হিসেবে উন্মুক্ত করা হয়েছিল। এখন এটি সব ডেস্কটপ ব্যবহারকারীদের জন্যই ছাড়া হচ্ছে। এটি সরাসরি ইংরেজি, ফ্রেঞ্চ, জার্মান, ইতালিয়ান, মান্দারিন ও স্প্যানিশ এই ছয়টি ভাষায় ভাষান্তর করতে পারে। তবে কোনো ব্যবহারকারী যদি স্কাইপ ব্যবহার করে কোনো বার্তা পাঠান তবে স্কাইপ ট্রান্সলেটর সেটি ৫০টি ভাষায় অনুবাদ করে দেখাতে পারে।
মাইক্রোসফটের দাবি, এখনো স্কাইপ ট্রান্সলেটর শিখছে। যত মানুষ এ প্রোগ্রামটি ব্যবহার করবে এটি তত উন্নত হবে। স্কাইপ ট্রান্সলেটর ব্যবহারে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করা লাগে। এ সেবাটি ব্যবহার করে অনেক আন্তর্জাতিক বন্ধু তৈরি করা সম্ভব।