ডেস্কে গিয়ে প্রিন্ট করে দেবে রোবট প্রিন্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অফিসে বসে যে ডেস্ক থেকে প্রিন্ট করা হবে সে ডেস্কে গিয়ে প্রিন্ট কপি দিয়ে আসবে রোবট প্রিন্টার। এর ফলে নির্দিষ্ট জায়গায় গিয়ে আর প্রিন্ট কপি আনতে হবে না। সম্প্রতি এমন এক প্রিন্টার বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে ফুজি। ফুজি জেরক্স নামের এ প্রিন্টারটি বড় অফিসেও খুব সহজেই ব্যবহার করা যাবে। 
সবার জন্য ব্যবহার উপযোগী এ প্রিন্টারটির সাহায্যে ব্যবহারকারী তাঁর প্রয়োজনমতোই গুরুত্বপূর্ণ প্রিন্ট করতে পারবেন। কোন ডেস্ক থেকে প্রিন্ট আসছে, সেটি বিশেষ সেন্সরের মাধ্যমে বুঝে নেবে বুদ্ধিমান রোবট প্রিন্টার। তবে এ প্রিন্টারের মাধ্যমে গোপনীয় কিংবা গুরুত্বপূর্ণ প্রিন্ট করাটা কতটা নিরাপদ, সেটি নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। অনেক গবেষক এ ধরনের প্রিন্টারের সাহায্যে গুরুত্বপূর্ণ নথি প্রিন্ট না করার পরামর্শও দিয়েছেন। তবে এ ধরনের প্রিন্টারের আরও উন্নত সংস্করণ ইতিমধ্যে রয়েছে বলে জানিয়েছেন গবেষণা প্রতিষ্ঠান আইডিসির গবেষক ম্যাহি ট্যান। তিনি বলেন, বর্তমানে অনেক মোবাইল প্রিন্টিং সেবা রয়েছে, যার সাহায্যে অনলাইন সুবিধা ব্যবহার করেই প্রিন্ট করা সম্ভব। এসব ক্ষেত্রে যিনি প্রিন্ট করেন তাঁর নিজস্ব কোনো পাসওয়ার্ড ছাড়াও প্রিন্ট কপি বের করা সম্ভব নয়।
তবে এ প্রিন্টারকে বিশেষ কাজের জন্য তৈরি করা হয়েছে বলে মনে করছেন নির্মাতারা। একবার চার্জে এ প্রিন্টার পুরো এক দিন সেবা দিতে সক্ষম বলেও জানিয়েছে ফুজি।
—বিবিসি অবলম্বনে কাজী আলম