ডোমেইন নাম বরাদ্দের প্রতিষ্ঠানে নতুন মুখ
ইন্টারনেটের ঠিকানা বা ডোমেইন নির্ধারণ করে দেওয়ার প্রতিষ্ঠান ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেইমস অ্যান্ড নাম্বারসে (আইসিএএনএন) নতুন মুখ হিসেবে এলেন ফাদি কেয়াদে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করবেন ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনসের (আইবিএম) এই সাবেক কর্মকর্তা। এক খবরে বিবিসি জানিয়েছে, আইসিএএনএনের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা রড বেকস্টর্মের কাছ থেকে আগামী ১ জুলাই দায়িত্ব নেবেন তিনি।ডোমেইনের নাম বরাদ্দ নিয়ে সম্প্রতি সমালোচনার মুখে পড়েছিল আইসিএএনএন। ডটকম, ডটনেটের মতো নামগুলো ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার নামে ডোমেইন নাম বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়ে রড বেকস্টর্ম।নতুন পদে দায়িত্ব নেওয়া প্রসঙ্গে ফাদি কেয়াদি জানিয়েছেন, ‘নতুন কিছু সবসময় সমালোচনা তৈরি করে। তবে তা সুযোগও সৃষ্টি করে।’