ড্যাফোডিলের শিক্ষার্থীরা বানাল হেলিক্যাম

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) একদল শিক্ষার্থী সফলভাবে গত সোমবার রাজধানীর কলাবাগান মাঠে ‘ড্যাফোডিল স্পাই কোয়াড কপটার-হেলিক্যাম’ পরীক্ষামূলক উড়িয়েছে। ডিআইইউয়ের প্রত্যক্ষ সহযোগিতায় তড়িৎ ও ইলেক্ট্রনিকস প্রকৌশল বিভাগের শিক্ষার্থী হাসিব মাহামুদের নেতৃত্বে ও নাহিদ ফেরদৌসের সহযোগিতায় এই হেলিক্যাম তৈরি করা হয়। এটি গুরুত্বপূর্ণ অনুসন্ধান ও উদ্ধারকাজে ব্যবহার করা যাবে। প্রকল্পের তত্ত্বাবধানে ছিলেন ডিআইইউয়ের আন্তর্জাতিক কর্মকর্তা সৈয়দ রায়হান-উল-ইসলাম।
হাসিব মাহমুদ জানান, যেকোনো দুর্ঘটনা বা আগুন লাগা উঁচু ভবনে, যেখানে শারীরিকভাবে মানুষের পৌঁছানো কঠিন বা অসম্ভব সেখানে হেলিক্যাম সহজে কাজ করতে পারে। দূরনিয়ন্ত্রিত ছোট্ট এই উড়ন্ত যান ভিডিও ক্যামেরার সাহায্যে দুর্গম স্থানের ভেতরের ছবিও ধারণ করতে পারে।
হেলিক্যামটি সর্বোচ্চ আড়াই থেকে তিন কেজি ওজনসহ ১২ থেকে ১৫ মিটার উড়ে যেতে সক্ষম। ঘণ্টায় এর গতি ৩৫-৪৫ কিলোমিটার। এই হেলিক্যাম রাতেও নিয়ন্ত্রণ করা যায়। প্রকল্প সমন্বয়কারী সৈয়দ রায়হান-উল-ইসলাম বলেন, হলিক্যামটি দূরনিয়ন্ত্রিত ছোট হেলিকপ্টার৷ একে নানা দুর্ঘটনা, উদ্ধার কাজ, নজরদারি, পরিদর্শন, দমকল বাহিনী, পুলিশ বাহিনীর তদন্ত, চলচ্চিত্র নির্মাণ, আলোকচিত্র ধারণ, পানি গবেষণা, সেতু ভাঙন, ট্রাফিক গবেষণা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা যাবে।
পরীক্ষামূলক উড্ডয়নে টানা ১০ মিনিট ওড়ানো হয় এই হেলিক্যম। —বিজ্ঞপ্তি