ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি মেলা
ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও তথ্য যোগাযোগ প্রযুক্তি অনুষদের আয়োজনে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চার দিনের প্রযুক্তি মেলা। ‘বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০১১: ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা’ শীর্ষক এ মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য আমেনা বেগম। খবর বিজ্ঞপ্তির। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার মেলার শিরোনামের ওপর বিষয়ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন বিজ্ঞান ও তথ্য যোগাযোগ প্রযুক্তি অনুষদের ডিন লুৎফর রহমান, মেলার আহ্বায়ক গোলাম মাওলা চৌধুরী, রেজিস্ট্রার মো. ফখরে হোসেন প্রমুখ।মেলায় নানা আয়োজনের মধ্যে রয়েছে প্রোগ্রামিং প্রতিযোগিতা, বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে চার পর্বের সেমিনার, প্রকল্প প্রদর্শনী, বিজ্ঞানী ও উদ্ভাবকদের সঙ্গে মতবিনিময় প্রভৃতি। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন স্কুল ও কলেজের প্রায় ৮১টি প্রকল্প মেলায় অংশ নিয়েছে। মেলা ৩ এপ্রিল প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।