মাইক্রোসফটের অফিস ৩৬৫-খুলুন। নিজের পরিচয় (আইডি) ও গোপন নম্বর প্রবেশ করান। পেয়ে যাবেন অফিস ৩৬৫-এর সব সুবিধা। ক্লাউড প্রযুক্তিতে চলবে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ান নোট, অ্যাক্সেস, পাবলিশার, আউটলুক, লিংক এবং ইনফোপাথের সব কাজ। বিনা মূল্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীদের জন্য চালু হলো এসব সুবিধা।
রোববার ঢাকায় ডিআইউ মিলনায়তনে একটি অনুষ্ঠানের মাধ্যমে ক্লাউডভিত্তিক এ সেবা চালুর ঘোষণা দেয় মাইক্রোসফট বাংলাদেশ। অনুষ্ঠানে ডিআইইউয়ের চেয়ারম্যান মো. সবুর খান বলেন, ‘মাইক্রোসফট সঠিক সময়ে একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছে।’
এ সময় অ.ফিস-৩৬৫ সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেডের সহযোগী কারিগরি উপদেষ্টা মোহাম্মদ রাশেদুজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির, ডিআইইউ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান সৈয়দ আকতার হোসেনসহ অনেকে।
মাইক্রোসফটের ক্লাউডভিত্তিক সেবায় প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে যুক্ত হলো ডিআইইউ। কর্মকর্তারা জানালেন, বর্তমানে ডিআইইউয়ের সাড়ে ১৩ হাজার শিক্ষার্থী মাইক্রোসফটের ক্লাউড সেবা ব্যবহার করতে পারবেন। ডিআইইউ শিক্ষার্থীরা নিজেদের বিশ্ববিদ্যালয় মেইল আইডির মাধ্যমে অফিস-৩৬৫ চালাবেন। মোবাইল ফোনেও চলবে অফিস ৩৬৫। ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েড, আইওএস ও উইন্ডোজচালিত স্মার্টফোনে। ডিআইইউ শিক্ষার্থীরা Office.com/GetOffice365 ঠিকানা থেকে বিনা মূল্যে অফিস-৩৬৫ নামিয়ে ইনস্টল করতে পারবেন।
রাফাত জামিল