ড্রপবক্সে এল নতুন সুবিধা

বিনা মূল্যে ইন্টারনেটে ফাইল রাখার জনপ্রিয় সেবা ড্রপবক্সে ওয়েবসাইটের ঠিকানা বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর (ইউআরএল) কপি করে লিংকটি সরাসরি ড্রপবক্সে সংরক্ষণ করার সুবিধা যুক্ত হয়েছে। ব্যবহারকারী প্রয়োজনে লিংকটি পরে ইন্টারনেট সংযোগ সুবিধার যন্ত্রের সাহায্যে সরাসরি খুলতেও পারবেন। এ সেবাটি অনেকটাই বুকমার্কের মতো সেবা দেবে। অর্থাৎ, নিজের পছন্দসই ইউআরএল ড্রপবক্সে লিংকটি বুকমার্কের মতোই সংরক্ষণ করা যাবে এবং প্রয়োজন অনুযায়ী ওই ওয়েবসাইটে কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন অথবা ট্যাবলেট থেকে সহজে যাওয়া যাবে। যেকোনো ফরম্যাটেই হোক, ড্রপবক্সে নির্দিষ্ট ফোল্ডার আকারেও লিংক বা ইউআরএল রাখা যাবে।
আজ ড্রপবক্স ব্লগের এক পোস্টে বলা হয়েছে, প্রতিষ্ঠানের নানা পরিকল্পনা কিংবা আয়োজনের বিস্তারিত নির্দিষ্ট একটি অনলাইন ভিত্তিক সেবায় কিংবা প্রতিষ্ঠানের নির্দিষ্ট কোনো উইকি পাতায় সংরক্ষণ করে সেটির লিংক সবার সঙ্গে শেয়ার করেও কাজটি করা সম্ভব। এতে করে ভিন্ন ভিন্ন জায়গায় তথ্য না রেখে একটি ফোল্ডারে যেমন সবকিছু পাওয়া যাবে আবার প্রয়োজন অনুসারে লিংকটির সাহায্যে অন্যরাও নিজেদের কাজ সেখানে শেয়ার করতে পারবেন।
ড্রপবক্সের ব্লগে বলা হয়েছে, আগে লিংক শেয়ারের কাজটি করতে হলে নির্দিষ্ট গুগল ডক কিংবা ড্রপবক্সের অ্যাকসেস অন্যদের দিতে হতো। যিনি কাজটি করতে চাইতেন তিনি আবার নির্দিষ্ট সেবাটিতে ইউজার নাম, পাসওয়ার্ড দিয়ে ঢুকে ওই ফাইলে কাজ করতে পারতেন। এখন অ্যাকসেস থাকলে সরাসরি নির্দিষ্ট ইউআরএল খুলে সেখানেই কাজ করতে পারবেন।
এরই মধ্যে সেবাটি সকল ড্রপবক্স ব্যবহারকারীদের জন্য চালু হয়ে গেছে। ড্রপবক্সের অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপের পরবর্তী হালনাগাদ সংস্করণেও সেবাটি পাওয়া যাবে।
বর্তমানে প্রতি মাসে ড্রপবক্স ব্যবহার করে ২৫ কোটিরও বেশি ব্যবহারকারী এবং এ সেবাটি ফাইল রাখার সেবার দিক দিয়ে দ্বিতীয় স্থানে আছে। (ড্রপবক্স ব্লগ)