ড্রপবক্সের ব্যবহারকারী ৩০ কোটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা সুবিধা থাকায় বেড়েছে ড্রপবক্সের জনপ্রিয়তা
নানা সুবিধা থাকায় বেড়েছে ড্রপবক্সের জনপ্রিয়তা

বিনা মূল্যে ইন্টারনেটে তথ্য, ছবি সংরক্ষণের সেবাদাতা ড্রপবক্সের ব্যবহারকারী এখন ৩০ কোটিরও বেশি৷ এর মধ্যে গত ছয় মাসেই ড্রপবক্সের ব্যবহারকারী বেড়েছে ১০ কোটি! সম্প্রতি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ড্রপবক্স কর্তৃপক্ষ। গত বছরের নভেম্বরে ড্রপবক্সের ব্যবহারকারী ২০ কোটি হওয়ার পর মাত্র ছয় মাসেই আরও ১০ কোটি ব্যবহারকারী যুক্ত হয়েছেন ড্রপবক্স সেবায়। বর্তমানে ড্রপবক্স ব্যবহারকারীরা বিনা মূল্যে দুই গিগাবাইট জায়গা ব্যবহারের সুযোগ পাচ্ছেন। তবে বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করার (শেয়ার) মাধ্যমে জায়গা বাড়ানোর সুযোগও আছে। এ ছাড়া, আরও বেশি জায়গা চাইলে মাসিক কিংবা বার্ষিক হিসেবে অর্থ দিয়েও ড্রপবক্স সেবা নেওয়া যায়। ব্যবসাসংক্রান্ত কাজে চাইলে বিশেষ সেবার গ্রাহক হওয়ার সুবিধাও রয়েছে এতে৷ কারিগরি সেবার উন্নতির দিকে নিয়মিত নজর দেওয়ায় ড্রপবক্সের ব্যবহারকারী বাড়ছে বলে মনে করছেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা। এ ছাড়া, মোবাইল েফান ও একাধিক কম্পিউটারে একই সঙ্গে ব্যবহারের সুবিধা থাকায় ব্যবহারকারীদের কাছে বাড়ছে ড্রপবক্সের জনপ্রিয়তা। ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নানা ধরনের প্রতিষ্ঠানকে অধিগ্রহণও করছে ড্রপবক্স। আর অধিগ্রহণ করা প্রতিষ্ঠানগুলোর সেবা যুক্ত হচ্ছে গ্রাহকদের জন্য। ড্রপবক্সের ব্যবহারকারীরা নিজস্ব কম্পিউটারে একটি নির্দিষ্ট ফোল্ডার তৈরি করে সেটি সিংক্রোনাইজ করতে পারেন। যার ফলে ব্যবহারকারী পরবর্তী সময়ে যে কম্পিউটারই ব্যবহার করুন না কেন, তারা সব ফাইলই পেয়ে যান হুবহু৷ ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) স্নাতক ড্রিউ হিউস্টন এবং আরাশ ফেরদৌসী ড্রপবক্স ইনকরপোরেটেড চালু করেন। ২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে সেবা দেওয়া শুরু করে ড্রপবক্স। বর্তমানে ড্রপবক্স উইন্ডোজ, ম্যাক ওএস এক্স, লিনাক্স, অ্যান্ড্রয়েড, আইওএস, ব্ল্যাকবেরিসহ প্রায় সব অপারেটিং সিস্টেমেই ব্যবহার করা যায়। বিনা মূল্যে ড্রপবক্স নামানো যাবে (www.dropbox.com/install) ঠিকানা থেকে। —ড্রপবক্স ব্লগ অবলম্বনে