ড্রোন দিয়ে ফোন হ্যাক!

স্মার্টফোন হ্যাক করে ব্যক্তিগত তথ্য চুরি করার কাজে ড্রোন ব্যবহার করা হতে পারে। সম্প্রতি স্মার্টফোন ব্যবহারকারীর অগোচরে তথ্য সংগ্রহ করার এই ড্রোন বা চালকবিহীন ছোট বিমান তৈরি করেছেন সেন্সপোস্ট নামের যুক্তরাজ্যভিত্তিক একটি নিরাপত্তা প্রতিষ্ঠানের গবেষকেরা। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।
সেন্সপোস্টের তৈরি এই কোয়াডকপ্টার বা ড্রোনটিতে বিশেষ একধরনের সফটওয়্যার ব্যবহূত হয়েছে। ড্রোনের সঙ্গে যুক্ত কম্পিউটারে এই সফটওয়্যার ইনস্টল করা থাকে।
সেন্সপোস্টের প্রযুক্তি-বিশেষজ্ঞ গ্লেন উইলকিনসন জানিয়েছেন, বিশেষ সফটওয়্যারচালিত ড্রোনটি যখন কোনো এলাকার ওপর দিয়ে ওড়ে, তখন সে অঞ্চলে বসবাসকারী ব্যক্তির স্মার্টফোন হ্যাক করে বাড়ির ঠিকানা থেকে শুরু করে এটি ব্যক্তির ক্রেডিট কার্ডের তথ্য পর্যন্ত সংগ্রহ করতে পারে। বিমানটি এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করে মোবাইল ফোনের ওয়্যারলেস নেটওয়ার্কের ছদ্মবেশ ধারণ করে। অনেক স্মার্টফোন ব্যবহারকারী তাঁদের ফোনে ওয়্যারলেস অপশন চালু রাখেন। এর অর্থ দাঁড়ায় স্মার্টফোনটি সব সময় একটি নেটওয়ার্ক খোঁজে এবং যুক্ত হতে চায়।
স্মার্টফোনে অব্যবহূত অনেক নেটওয়ার্ক বা আগে ব্যবহূত অনেক নেটওয়ার্ক রয়ে যায়। এই নেটওয়ার্ক নামগুলোর ছদ্মবেশে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা সম্ভব।
সিঙ্গাপুরে সম্প্রতি ব্ল্যাক হ্যাট সিকিউরিটি সম্মেলনে ফোন হ্যাক করার এই ড্রোন দেখানো হয়।