ড্রোন নিয়ে গোপন পরীক্ষায় গুগল

অনলাইনে ফরমায়েশ দিলে ড্রোনের মাধ্যমে সেই পণ্য বাড়িতে বসে পেয়ে যাবেন। পণ্য স্থানান্তরের কাজে ব্যবহার করা যায় এমন ড্রোন বা মনুষ্যবিহীন ছোট আকাশযান গোপনে পরীক্ষা চালিয়েছে গুগল।
তাদের এই প্রকল্পটির নাম ‘উয়িং’।
গুগল তাঁদের এ প্রকল্পের কথা প্রথম প্রকাশ করেছে গতকাল বৃহস্পতিবার। দুই বছর মেয়াদি এই প্রকল্প থেকে এখন পর্যন্ত গোপনে ৩০টি ফ্লাইট পরীক্ষামূলকভাবে চালিয়েছে গুগল। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে এই পরীক্ষা চালানোর সময় এই ড্রোনে করে চকলেট, পানির বোতল, রেডিও, চিকিত্সা সরঞ্জাম প্রভৃতি পাঠানো হয়। গুগলের এই পরীক্ষা সফল হয়েছে বলেই এক খবরে জানিয়েছে সিএনএন।
শুধু গুগল নয় এর আগে আমাজনও ড্রোনের মাধ্যমে পণ্য পৌঁছে দেওয়ার প্রযুক্তি নিয়ে কাজ করার কথা জানিয়েছিল। ড্রোনের মাধ্যমে পণ্য হাতে পাওয়ার এই প্রযুক্তি এখন পরীক্ষামূলক পর্যায়ে থাকায় তা ব্যবহার উপযোগী হতে আরও সময় লাগবে।