ঢাকা ও খুলনায় প্রচারণাপর্ব

মুঠোফোনের অ্যাপ্লিকেশন (অ্যাপ) তৈরির নানা রকম কৌশল সম্পর্কে জানাতে ঢাকা ও খুলনায় ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৬-এর দুটি প্রচারণা আয়োজন করা হয় গতকাল সোমবার। দুটি আয়োজনেই ছিল অ্যাপ নিয়ে সেমিনার।
রাজধানীর ইস্টার্ন ইউনিভার্সিটিতে আয়োজিত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আব্দুল হান্নান চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের কাছে যদি ভালো একটি ধারণা থাকে, তাহলে সে ধারণা নিয়ে অংশ নাও এ প্রতিযোগিতায়। অ্যাপ তৈরি করে নিজেকে চেনাও এবং সমাজকে সহায়তা করো।’
ইএটিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান বলেন, ‘হোয়াটসঅ্যাপের মতো একটি অ্যাপ সমাজকে পরিবর্তন করতে পারে, পারে একটি জাতির পরিবর্তন আনতে। আমরাও এমন একটি অ্যাপ খুঁজছি, যেটি দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া যাবে।’
আলোচনায় অংশ নেন ইস্টার্ন ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারপারসন মাহফুজুর রহমান এবং প্রথম আলোর ব্র্যান্ড ও অ্যাকটিভেশন বিভাগের প্রধান অরূপ ঘোষ।
গতকাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) একই রকম প্রচারণাপর্ব চলে। সেমিনারে কুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের প্রধান অধ্যাপক মুহাম্মদ শেখ সাদী বলেন, ২০১৫ সালের অ্যাপ প্রতিযোগিতায় কুয়েটের শিক্ষার্থীরা ষষ্ঠ স্থান অধিকার করেছিলেন। এ বছর যাতে শীর্ষ স্থান অর্জন করা যায়, সে জন্য শিক্ষার্থীদের উদ্যোগী হতে হবে। সেমিনারে ইএটিএরের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান আশরাফুল করিম চৌধুরীসহ অনেকে বক্তৃতা করেন। সকালে খুলনার ম্যানগ্রোভ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে একই বিষয়ের ওপর সেমিনার অনুষ্ঠিত হয়।
এর আগে গত রোববার খুলনা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের প্রধান অধ্যাপক কামরুল হাসান তালুকদারের সভাপতিত্বে সেমিনার অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের খুলনা ক্যাম্পাসে একই বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে।
অ্যাথিকস অ্যাডভান্স টেকনোলজিস লিমিটেড (ইএটিএল) ও প্রথম আলোর আয়োজনে তরুণদের জন্য চতুর্থবারের মতো শুরু হয়েছে এ প্রতিযোগিতা। প্রতিযোগীদের বানাতে হবে অ্যান্ড্রয়েড, আইওএস কিংবা উইন্ডোজ মুঠোফোনের জন্য অ্যাপ। www.eatlapps.com/contest2016 ঠিকানার ওয়েবসাইটে আগামী ৩১ আগস্ট পর্যন্ত অ্যাপের ধারণা জমা দেওয়া যাবে।