ঢাকা ও চট্টগ্রামে হলো গ্রুমিং পর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের তরুণ শিক্ষার্থীদের জন্য মোবাইল অ্যাপলিকেশন (অ্যাপ) তৈরির সবচেয়ে বড় আয়োজন ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতার নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে গতকাল শনিবার ঢাকা ও চট্টগ্রামে গ্রুমিং পর্ব অনুষ্ঠিত হয়েছে। এই পর্বে অংশ নেয় প্রাথমিকভাবে নির্বাচিত অ্যাপ নির্মাতা ১০০টি দল।
রাজধানীর বেসিস মিলনয়াতনে সকাল থেকে শুরু হয় গ্রুমিং পর্ব। গোপালগঞ্জের প্রতিযোগী জি এম রাকিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা গেম নিয়ে কাজ করছি। সাতজন বীরশ্রেষ্ঠকে নিয়ে এই গেম বানানো হচ্ছে। আমাদের এ ধরনের গেম অ্যাপ বানানোর আগ্রহ হয়েছে বাংলাদেশের ইতিহাস থেকে।’
গ্রুমিং অধিবেশনে মূলত ধারণাপত্র তৈরির পর সফলভাবে অ্যাপ তৈরির বিভিন্ন প্রক্রিয়া জানানো হয় প্রতিযোগীদের। ইএটিএলের অভ্যন্তরীণ অ্যাপ দল তাদের কারিগরি সহযোগিতা করে। ঢাকার আয়োজনে অ্যাপ নিয়ে আলোচনা করেন জাহিদুল ইসলাম, এনাম আহামেদ ও আদিল নোশাদ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন বিশ্বব্যাংকের প্রতিনিধি মোখলেসুর রহমান। উপস্থিত ছিলেন এথিকস অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান।
প্রতিযোগিতার বিচারকমণ্ডলীর সমন্বয়ক রাজেশ পালিত বলেন, ‘দীর্ঘ ছয় মাস ধরে ধারণা জমা দিচ্ছে সারা দেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। এরপর তাদের সেই ধারণা উপস্থাপন তুলে ধরা হয়েছে বিচারকদের কাছে। ৫০০ দলের মধ্যে ১০০ দল সুযোগ পেয়েছে।’
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত গ্রুমিং সেশনে অ্যাপের কারিগরি বিষয়গুলো নিয়ে আলোচনা করেন রায়হান আহমেদ, আশরাফুজ্জামান ও শেখ তানভীর আহমেদ।
গ্রুমিং পর্বের পর আগামী ১৪ জানুয়ারি ১০০টি দল তাঁদের অ্যাপ অনলাইনে জমা দেবে। আগামী ৪ মার্চ এই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হবে।