ঢাকা-২, ময়মনসিংহ, কুমিল্লা ও নোয়াখালী আঞ্চলিক গণিত উৎসব নিয়ে বিশেষ আয়োজন
ঢাকা ও ময়মনসিংহে জমজমাট
একে তো পৌষের তীব্র শীত আর কনকনে বাতাস, তার ওপর বৃষ্টির প্রকোপ। এরই মধ্যে সকাল সাতটার আগেই মিরপুর মনিপুর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর সাদমান কৌশিক মাকে নিয়ে গণিত উৎসব মাঠে হাজির। মা আশেকা আখতার একটু বিরক্ত হলেও ছেলের উৎসাহ দেখে কিছুই বলছেন না। সাদমান এবারই প্রথম গণিত উৎসবে অংশগ্রহণ করেছে। তাই তার মধ্যে প্রথমবারের মতো অংশগ্রহণের আলাদা উত্তেজনা কাজ করছিল। সাদমানের মতোই সহস্র খুদে গণিতবিদ উপস্থিত হয়েছিল ঢাকা-২ আঞ্চলিক গণিত উৎসবের ভেন্যুতে। এবারই প্রথম রাজধানীর উত্তরে ঢাকা-২ আঞ্চলিক গণিত উৎসব রাজউক উত্তরা মডেল কলেজে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ ও ঢাকা মহানগরের ১৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ২০৯ জন শিক্ষার্থী হাজির ছিল সেখানে। ভেন্যু কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহা. গোলাম হোসেন সরকার জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে উৎসবের উদ্বোধন করেন। এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল ও ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সাইদুল হাসান। খুদে গণিতবিদদের উৎসাহ জুগিয়ে সাইদুল হাসান জানান, তাদের প্রাণের উৎসবের সঙ্গে থাকতে পেরে ডাচ্-বাংলা ব্যাংক গৌরব বোধ করে। কেবল গণিত অলিম্পিয়াড নয়, প্রতিবছর ১০৩ কোটি টাকার শিক্ষাবৃত্তি দেওয়ার মাধ্যমে ডাচ্-বাংলা ব্যাংক বাংলাদেশের মেধাবীদের এগিয়ে যেতে সাহায্য করছে। ওড়ানো হয় রং-বেরঙের হাজারো বেলুন। বেলুন ওড়ানোর পরই সবাই চলে যায় গণিত উৎসবের মূল পর্বে পরীক্ষা দিতে। অন্যদিকে পরদিন ৭ জানুয়ারি, শনিবার ময়মনসিংহ উৎসবে অংশগ্রহণকারী খুদে গণিতবিদেরা বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে প্রধান ফটক খোলার আগেই সেখানে জড়ো হতে শুরু করে। ছোট ছোট মুখগুলোর ভেতরে প্রবেশ করার তাড়া সুস্পষ্ট। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তাইয়্যাবা মাকে বলছিল, ‘মা আর কত দেরি হবে? আটকে রেখেছে কেন? বলো না খুলে দিতে।’ বিদ্যালয় প্রাঙ্গণে বানানো হয় গাণিতিক সংখ্যায় নির্মিত সুদৃশ্য এক তোরণ। আলপনা আঁকা ও রং-বেরঙের বেলুন আর কাপড়ে তৈরি ফেস্টুনে সজ্জিত সড়ক দিয়ে তারা পৌঁছে উৎসব মাঠে। সেকেন্ডারি ক্যাটাগরির আনিশা হক মামাতো বোন আরিফাকে জড়িয়ে ধরে বলে, ‘তোর কাছে আমি কৃতজ্ঞ। তুই রেজিস্ট্রেশন না করলে আমি এমন সুন্দর অনুষ্ঠান দেখতেই পেতাম না।’ আরিফা এসেছে নেত্রকোনার একটি বিদ্যালয় থেকে।সেদিন প্রথমবারের মতো এ বছরে ঢাকার বাইরের কোনো উৎসবে যোগ দেন মুহম্মদ জাফর ইকবাল। যথারীতি জাতীয় সংগীতের পর উৎসবের উদ্বোধনী ঘোষণা করেন বিদ্যাময়ী স্কুলের প্রধান শিক্ষক শিরিন বানু। সোয়া ঘণ্টার পরীক্ষায় প্রত্যেকে ব্যস্ত হয়ে ওঠে গণিতকে জয় করতে। কঠিন কঠিন প্রশ্ন, নানা চিন্তাভাবনা ও বুদ্ধি প্রয়োগ করে সমাধানের পথে এগিয়ে চলে সবাই। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা ফিরে আসে উৎসবের মাঠে। শুরু হয় নতুন বন্ধু খোঁজা আর পুরোনো বন্ধুর সঙ্গে মিলিত হওয়া। সঙ্গে মায়ের কাছে আবদার গণিত আর বিজ্ঞানের বই কেনার।প্রশ্নোত্তর পর্বের আগে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রশ্নোত্তর পর্ব। ‘আয় আয় গণিতের আঙিনায়’ এ গান দিয়ে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। ঢাকা-২ আঞ্চলিক গণিত উৎসবের আকর্ষণ ছিল বন্ধুসভার বন্ধুদের পরিবেশনায় নাচ ও গান। ময়মনসিংহে ‘হাওর-বাঁওড় আর মৈষের সিং—এই তিনে মৈমনসিং।’ জারিতে শিল্পাচার্য জয়নুল আবেদিন, মুক্তাগাছার মণ্ডা, নেত্রকোনার বালিশ মিষ্টি, জামালপুরের সারকারখানাসহ বিভিন্ন জেলার উল্লেখযোগ্য পরিচিতি তুলে ধরা হয়।সাংস্কৃতিক পর্বের পরই শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। উৎসবে আসা অতিথিদের জ্ঞান-বিজ্ঞানের কঠিন কঠিন প্রশ্ন করতেই যেন খুদে গণিতবিদদের আনন্দ। জীববিজ্ঞান, মহাকাশ, মনোবিজ্ঞান থেকে শুরু করে গণিতে কেন নোবেল পুরস্কার নেই—এমন নানা প্রশ্নের উত্তর জেনে ঘরে ফিরেছে খুদে গণিতবিদেরা। শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর আর তাদের শুভকামনা জানান বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, গণিতবিদ অধ্যাপক খোদাদাদ খান, অধ্যাপক আবদুল হাকিম খান, হুমায়ূন কবীর ও মনোরোগ চিকিৎসক মোহিত কামাল। ময়মনসিংহে আরও ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম ও গণিত অলিম্পিয়াডের একাডেমিক কাউন্সিলর মাহমুদুল হাসান ও সৌমিত্র চক্রবর্তী। এ ছাড়া ছিল রুবিক কিউব প্রতিযোগিতা।উৎসবে আসা খুদে গণিতবিদদের অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘গণিত শিখতে শিখতে এক দিন সমাজকে বদলে দেবে তোমরা।’