ঢাকা কলেজে আইসিটি কোর্স ও কম্পিউটার ল্যাব চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা কলেজে গতকাল রোববার স্নাতকোত্তর পর্যায়েতথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) কোর্স ও কম্পিউটার ল্যাব উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, দেশের সবচেয়ে বড় শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত করতে হবে। স্নাতকোত্তর কোর্সে আইসিটি কোর্স চালুর ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজী শহীদুল্লাহ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. নোমান উর রশিদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুনসহ অনেকে। সভাপতির বক্তব্যে ঢাকা কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, দেশে সবচেয়ে বেশি শিক্ষার্থী প্রতিবছর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করেন। দেশকে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষার্থীরা সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারেন। আর তাদের এ জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ে আইসিটি কোর্স চালু করা হয়েছে। অনুষ্ঠানে আইসিটি কোর্সের পরিচালক আই কে সেলিম উল্লাহ খন্দকার বলেন, প্রাথমিকভাবে সরকার পাইলট প্রকল্প হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্টার্সে এ কোর্স চালু করা হয়েছে। তথ্যপ্রযুক্তি শিক্ষায় দেশকে এগিয়ে নেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ভুক্ত সব প্রতিষ্ঠানে এই কোর্স চালু করা হবে। তিনি জানান, ঢাকা কলেজের স্নাতকোত্তর শেষ পর্বের মোট ৭২০ জন শিক্ষার্থী এই কোর্সে অধ্যয়ন করতে পারবেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা আইসিটি কোর্সের জন্য ৪২টি কম্পিউটারের দুটি ল্যাব ও ৪৪টি কম্পিউটারের একটি সাইবার ক্যাফে উদ্বোধন করেন। — তারিকুর রহমান খান