ঢাকা পর্বে শীর্ষস্থানে বুয়েট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার (আইসিপিসি) এশিয়া অঞ্চলের ঢাকা পর্বে শীর্ষস্থান অর্জন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। গতকাল শনিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ১০টি প্রোগ্রামিং সমস্যার মধ্যে ছয়টির সমাধান করে বুয়েটর এনিহিলেটর দলটি (তাসনিম ইমরান, অনিন্দা দাস ও মুনতাসির মাশুক) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। সকাল আটটা থেকে টানা ৫ ঘণ্টা চলে এ প্রতিযোগিতা। এতে ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০৩টি দল অংশ নেয়। এর মধ্যে ভারত ও চীনের একটি করে দলও ছিল। প্রতি দলে তিনজন করে কম্পিউটার প্রোগ্রামার ও একজন করে কোচ ছিলেন। প্রতিযোগিতায় ছয়টি সমস্যার সমাধান করে দ্বিতীয় হয়েছে চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ে এসিই দল (ইয়াং হে, হানজুন দাই ও জিয়ানগিয়ান চুন)।পাঁচটি সমস্যার সমাধান করে তৃতীয় হয়েছেন বুয়েটের বুদবুদ (মো. এনজাম হোসেন, এফ এ রেজাউর ও মীর ওয়াসি আহমেদ)। প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটের যা ইচ্ছে তাই দল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ইস্টার্ন ইউনিভার্সিটি দল চারটি করে সমস্যার সমাধান করেছে। সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন শিক্ষাসংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান রাশেদ খান মেনন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএসইউ ফাউন্ডেশনের চেয়ারম্যান আজিম উদ্দিন আহামেদ, উপাচার্য হাফিজ জি এ সিদ্দিকী, প্রতিযোগিতার পরিচালক আবুল এল হকসহ অনেকে। এর আগে গত শুক্রবার এ প্রতিযোগিতায় উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম। উদ্বোধনের পর অনুষ্ঠিত হয় মহড়া। শীর্ষস্থান অর্জন করায় এসিএম আইসিপিসির চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করল। স্বাগতিক হিসেবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একটি দল অংশ নেবে।—নুরুন্নবী চৌধুরী