ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট অধিবেশন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ অর্থবছরের বাজেট অধিবেশন চলছে। এ বছর বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ ৩৭৩ কোটি ৮৮ লাখ টাকা।

আজ বুধবার বার্ষিক সিনেট অধিবেশনে বাজেট উপস্থাপন করা হয়েছে। অধিবেশনে অভ্যন্তরীণ আয় বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে।

বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সিনেট সদস্যদের উপস্থিতিতে অধিবেশনে বাজেট উপস্থাপন করেন ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ও সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সহিদ আকতার হুসাইন।

এবারের বাজেটে সরকারি বরাদ্দ (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে) ৩২৩ কোটি ৫০ লাখ টাকা যা গত বছরের সংশোধিত বাজেটের চেয়ে প্রায় ৩১ কোটি তিন লাখ টাকা বেশি। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ৩২ কোটি টাকা আগের বছরের মতোই রাখা হয়েছে। বাজেটে ১৮ কোটি ৩৮ টাকা ঘাটতি রয়েছে।

বাজেটের প্রায় ৮০ শতাংশই শিক্ষকদের বেতন-ভাতা ও পেনশনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এ খাতে ব্যয় হবে ২৯৫ কোটি ৭১ লাখ টাকা (৭৯.০৯ শতাংশ)। শিক্ষা ও গবেষণাসংক্রান্ত ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩৬ কোটি ১৯ লাখ টাকা, যা মোট বাজেটের ৯ দশমিক ৬৮ শতাংশ। এ জন্য গবেষণায় মোট খরচ হবে মাত্র তিন কোটি টাকা। তবে বিশ্বব্যাংকের প্রজেক্ট থেকে গবেষণা খাতে আরও টাকা দেওয়া হচ্ছে বলে অধিবেশনে বলা হয়।

বিকেল সাড়ে তিনটার দিকে জাতীয় সংগীতের মাধ্যমে সিনেট অধিবেশন শুরু হয়। পরে উপাচার্যের অভিভাষণ ও কোষাধ্যক্ষের বাজেট উপস্থাপনের পর সিনেট সদস্যরা আলোচনায় অংশ নেন।

অভ্যন্তরীণ আয় বাড়ানোর তাগিদ

বাজেট বক্তব্যে ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ সহিদ আকতার হুসাইন বলেন, সম্প্রতি ফান্ড গঠনের মাধ্যমে অভ্যন্তরীণ আয় বাড়ানোর চেষ্টা চলছে। তবে উন্নয়নশীল এই দেশের গরিবের পরোক্ষ টাকায় ধনীর সন্তানদেরও প্রায় বিনা মূল্যে উচ্চশিক্ষার সুযোগ দেওয়া অযৌক্তিক।

শিক্ষক প্রতিনিধি ও রসায়ন বিভাগের অধ্যাপক তোফায়েল আহমেদ চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়কে ৩৫ হাজার শিক্ষার্থী দিয়ে ভাগ করলে দেখা যায়, প্রত্যেক শিক্ষার্থী মাত্র ৩৪২ টাকা করে দেয়। এটা কোনোভাবেই চলতে পারে না।

রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার বলেন, বাজেটে সবকিছুই বেড়েছে, কিন্তু অভ্যন্তরীণ আয় কেন বাড়েনি, সেটা পরিষ্কার নয়।

বিজ্ঞান শিক্ষায় জোর

সিনেট সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক তাঁর অভিভাষণে মাতৃভাষায় বিজ্ঞান শিক্ষার ওপর জোর দেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-কার্যক্রমকে সমকালীন বিশ্বের বিজ্ঞান চেতনা ও প্রযুক্তিজ্ঞানে সমৃদ্ধ করার প্রয়োজন দেখা দিয়েছে। এ প্রসঙ্গে তিনি পাঁচটি সুপারিশ করেন। সুপারিশগুলো হলো জাতীয় শিক্ষানীতি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক পরিকল্পনা করা, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বহির্বিশ্বের দৃষ্টান্ত স্থাপন করা, বিজ্ঞানের ইতিবাচক প্রভাব জাতির সামনে তুলে ধরা, উচ্চশিক্ষার মধ্যে ঐক্য ও বৈচিত্র্যের সমন্বয় সাধন করা।

এ সময় অন্য শিক্ষকেরাও তাঁর এই বক্তব্যকে সমর্থন করেন।