ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্যপ্রযুক্তি সংসদের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি সংসদ সোসাইটি। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে গত শুক্রবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এ সময় তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তি এতটাই অগ্রসর হয়েছে যে ঘরে বসেই বিভিন্ন দেশের বড় বড় প্রতিষ্ঠানের নিরাপত্তাব্যবস্থা পর্যন্ত তদারক করা যায়। যেমন, বাংলাদেশের একটি শিক্ষার্থী দল এ দেশে বসে ইংল্যান্ডের একটি শপিং সেন্টারের নিরাপত্তাব্যবস্থা নিয়ন্ত্রণ করছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা অর্থ উপার্জনও করতে পারছে। তবে খেয়াল রাখতে হবে, ভালো কাজে প্রযুক্তির ব্যবহার করতে হবে। সতর্ক থাকতে হবে প্রযুক্তি যেন অন্যের ক্ষতির কারণ না হয়।’অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি মো. ফয়েজউল্যাহ খান বলেন, ‘সারা বিশ্বে তথ্যপ্রযুক্তি খাতে প্রতিবছর প্রায় এক হাজার বিলিয়ন ডলার মুনাফা অর্জিত হয়। আমরা যদি এর থেকে শূন্য দশমিক ১ শতাংশ ব্যবসা করতে পারি, তবে এক বিলিয়ন ডলার আয় করতে পারব।’অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) পরিচালক মাহবুব আলম জেয়ার্দার, প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক পল্লব মোহাইমেন, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দিনসহ অনেকে। অভিষেক অনুষ্ঠান শেষে সংগঠনের ২০১১-১২ সালের জন্য গঠিত প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। ১৭ সদস্যের এই কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইমরান ও আরিফ দেওয়ানসহ সবাইকে অতিথিরা ফুল দিয়ে বরণ করে নেন।—রাকিব মোজাহিদ