ঢাকা বিশ্ববিদ্যালয়ে ই-টেন্ডারিং চালুর উদ্যোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রয়-প্রক্রিয়া আধুনিকায়ন এবং তথ্যপ্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে ইলেকট্রনিক দরপত্র প্রক্রিয়া (ই-টেন্ডারিং) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন টেন্ডারে এখন থেকে অনলাইনে অংশ নেওয়া যাবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যবহারকারী তথা ঠিকাদার, সরবরাহকারী এবং তথ্যপ্রযুক্তি খাতের সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের জন্য আয়োজিত এক কর্মশালায় এই তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গত শনিবার এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় অনলাইন ই-টেন্ডারিং-বিষয়ক সিস্টেমের বিভিন্ন দিক দেখানো হয় এবং ব্যবহারকারীদের হাতে-কলমে সিস্টেমটি করে দেখানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট এই সিস্টেমটি উন্নয়ন করেছে। প্রস্তাবিত ব্যবস্থায় আগ্রহী দরদাতাদের প্রথমে নিবন্ধন করতে হয়। নিবন্ধনের পর ঠিকাদারি সংস্থাটি সিস্টেমে একটি অ্যাকাউন্ট পাবে।এরপর নির্দিষ্ট টেন্ডার কেনার জন্য সিস্টেম থেকে একটি ই-টোকেন সংগ্রহ করে প্রাইম ব্যাংকের যেকোনো শাখায় শিডিউলের মূল্য পরিশোধ করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই সংস্থাকে অনলাইনে দরপত্র ও সংশ্লিস্ট কাগজপত্র (টেন্ডার ডকুমেন্ট) প্রেরণ করে। দরপত্র ক্রয়ের পর একই সিস্টেমে আর্নেস্ট মানি জমা দেওয়ার জন্য ই-টোকেন দেওয়া হয়, যা প্রাইম ব্যাংকে জমা দেওয়া যাবে। এরপর দরদাতা তাঁর তৈরি করা টেন্ডারটিকে একটি বিশেষ নিয়মে এনক্রিপটেড করবেন। এনক্রিপটেড করার সময় দরদাতা তাঁর ইচ্ছেমতো শব্দবন্ধ (কি) ব্যবহার করবেন এবং সিস্টেমের মাধ্যমে তা বিশ্ববিদ্যালয়ের সার্ভারে জমা দেবেন। যেহেতু টেন্ডারটি এনক্রিপটেড, কাজেই সিস্টেমের কেউ এই দলিলটি পড়তে পারবেন না। এরপর টেন্ডার খোলার দিন দরদাতা তাঁর শব্দবন্ধটি (কি) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দিলে তখন সেই দরপত্রটি খোলা যাবে। দরদাতা ইচ্ছে করলে নিজে উপস্থিত না হয়ে এসএমএসের মাধ্যমে তাঁর কি-টি প্রেরণ করতে পারবেন। আইআইটির পরিচালক জুলফিকার হাফিজ জানান, তাঁর ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা এই সিস্টেমটি তৈরি করেছেন। দেশে ডিজিটাল সই চালুর পর সিস্টেমে তেমন একটা পরিবর্তনের প্রয়োজন হবে না। কর্মশালায় এই প্রযুক্তিগত ব্যবস্থার নিরাপত্তাসংক্রান্ত ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিজ্ঞান এবং আইসিটি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান। তিনি জানান, দরদাতা নিজে থেকে না জানালে অন্য কারও পক্ষে তাঁর দরপ্রস্তাব জানা এই সিস্টেমে কোনোভাবে সম্ভব হবে না। কর্মশালায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মীজানুর রহমান, ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক সুব্রত কুমার আদিত্য, বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আমির হোসেনসহ অনেকে। আগামী দুই সপ্তাহের মধ্যে এই পদ্ধতি চালু হওয়ার ব্যাপারে কর্মশালায় আশাবাদ ব্যক্ত করা হয়।—নিজস্ব প্রতিবেদক