ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে তথ্যপ্রযুক্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যপ্রযুক্তি উৎসব উপলক্ষে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালেয় বের হয় একটি শোভাযাত্রা
তথ্যপ্রযুক্তি উৎসব উপলক্ষে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালেয় বের হয় একটি শোভাযাত্রা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৃতীয়বারের মতো চলছে ‘ন্যাশনাল ক্যাম্পাস আইটি ফেস্ট’ নামের তথ্যপ্রযুক্তি উৎসব। গতকাল রোববার এটি শুরু হয়েছে, শেষ হবে আজ সোমবার। উৎসব চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি)।
নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গতকাল সকালে উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এ সময় তিনি বলেন, তরুণ শিক্ষার্থীরা যখন প্রযুক্তিকে এগিয়ে নেবে তখনই দেশ প্রযুক্তি ক্ষেত্রে উন্নত হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, ‘সারা দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তির আলো ছড়িয়ে দিতে হবে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, বাংলাদেশে প্রযুক্তির বিপ্লব শুরু হয়েছে। সরকার দেশকে প্রযুক্তি ক্ষেত্রে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন এলএম এরিকসন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রাজ, ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্যপ্রযুক্তি সংসদের (ডিইউআইটিএস) মডারেটর শফিউল আলম ভুইয়া, সভাপতি আবদুল্লাহ আল ইমরানসহ অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি শিক্ষায় অবদান রাখার জন্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য এম লুৎফর রহমানকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।
‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ও উন্নত শিক্ষায় চাই তথ্যপ্রযুক্তিনির্ভর ক্যাম্পাস’ স্লোগান নিয়ে আয়োজিত এই উৎসবে ৭০টি বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছেন। আইসিটি বিভাগ ও ডিইউআইটিএস এই উৎসবের আয়োজক।

উৎসবে তথ্যপ্রযুক্তি প্রকল্প, মোবাইল অ্যাপস, ব্যবসায় উদ্যোগের ধারণা ইত্যাদি দেখানো হচ্ছে। এ ছাড়াও আছে সাইবার নিরাপত্তাবিষয়ক সেমিনার ও আউটসোর্সিং কর্মশালা। আর গেম প্রতিযোগিতা ও তথ্যপ্রযুক্তি কুইজ তো আছেই। উৎসবের পৃষ্ঠপোষক এমএল এরিকসন বিডি লিমিটেড ও রবি। অংশীদার হিসেবে আছে সহজ ডট কম, সিম্ফনি ও টেকশহর ডট কম।