ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউজ পোর্টাল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগ, অনুষদ ও হলের বিভিন্ন খবরাখবর নিয়ে চালু হয়েছে অনলাইন নিউজ পোর্টাল ডিইউটাইমজ (www.dutimz.com)। এই ওয়েবসাইটে ঢাবির সব খবর পাওয়া যাবে। গতকাল মঙ্গলবার ঢাবির নওয়াব নবাব আলী সিনেট ভবনে সাইটটির উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসচিব নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একসেস টু ইনফরমেশনের (এটুআই) প্রকল্পের পরিচালক কবির বিন আনোয়ার, বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক মোস্তাফা জব্বার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। বক্তারা বলেন, ঢাবির শিক্ষার্থীদের বৈচিত্র্যময় শিক্ষাজীবনের নানা খবর, বিভিন্ন অনুষদের খবর নিয়ে এই পোর্টাল বিশ্ববিদ্যালয়ের ৪০ হাজার নিয়মিত শিক্ষার্থীকে অনলাইনে বেশ কাজে দেবে। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত এই সাইটটি শিক্ষার্থীদের বেশ সহযোগিতা করবে বলেও জানানো হয়। সাইটটি গতকাল রাত থেকে দেখা যাওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন এটির নির্মাতারা।—জাহিদ হোসাইন খান