ঢাকায় চালু হচ্ছে আমেরিকান কম্পিউটার ইনস্টিটিউট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায় গবেষণা সংস্থা দ্য কনফারেন্স বোর্ডের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী তথ্যপ্রযুক্তিভিত্তিক কাজে প্রতি পাঁচটি খালি পদের জন্য যোগ্য প্রার্থী পাওয়া যায় মাত্র একজন। অর্থাৎ বাকি চারটি পদ খালি থেকে যাচ্ছে শুধু দক্ষ প্রার্থীর অভাবে। বাজার বিশ্লেষকদের ধারণা, এই চিত্র আগামী বছরগুলোতেও বহাল থাকবে। ক্রমবর্ধমান এই চাহিদা মেটাতে বাংলাদেশে দক্ষ তথ্যপ্রযুক্তি পেশাজীবী তৈরি করতে আমেরিকান কম্পিউটার ইনস্টিটিউট (এসিআই) গড়ে তোলা হয়েছে। ১ মে ঢাকায় প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠানে এসিআইয়ের প্রতিষ্ঠাতা হাসান এইচ রহমান এসব কথা বলেন।
অনুষ্ঠানে জানানো হয়, যুক্তরাষ্ট্রের হিউস্টনের মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) জনসন স্পেস সেন্টারে ডেটা সেন্টার ব্যবস্থাপনার কাজ করেছেন হাসান এইচ রহমান। তিন দশকের বেশি সময় ধরে তিনি নাসায় কর্মরত ছিলেন। তিনি বলেন, ভবিষ্যতে এমন হবে যে প্রতিষ্ঠানগুলো অনেক বেশি বেতন দিয়েও তথ্যপ্রযুক্তিসংশ্লিষ্ট কাজের জন্য উপযুক্ত লোক পাবে না।
প্রতিষ্ঠানটির পরিচালক খন্দকার বদরুল আলম জানান, এসিআইতে নির্দিষ্ট মেয়াদে শিক্ষা শেষে অনলাইনে পরীক্ষার মাধ্যমে সনদ অর্জন করতে হবে। তবে শুধু সনদ অর্জন লক্ষ্য না, বরং একজন শিক্ষার্থী যেন ঠিকভাবে বুঝে উঠতে পারে, সে চেষ্টা থাকবে প্রতিষ্ঠানটির। এসিআইয়ের অন্য পরিচালকেরা হলেন জাকির হোসেন, মনজুর মোর্শেদ এবং সোহেলি সাত্তার।
এসিআইতে ডেটাবেইস ও সার্ভার ব্যবস্থাপনা, তথ্য নিরাপত্তা, কম্পিউটার প্রোগ্রামিং এবং নেটওয়ার্কিং বিষয়েই প্রশিক্ষণ দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে মাইক্রোসফট করপোরেশন, সিসকো এবং রেডহ্যাটের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে এসিআই। ১৫ মে থেকে এসিআইয়ের শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানা যায়।
এসিআইয়ের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুকিশোরদের কম্পিউটারে হাতেখড়ি দিতে গাজীপুরের বাঁশবাড়িতে বাঁশবাড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিষ্ঠা করা হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
মেহেদী হাসান