ঢাকায় সরাসরি গুগল আইও সম্মেলন

যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিতব্য গুগলের বার্ষিক সম্মেলন ‘গুগল আইও ২০১৪’ ঢাকায় সরাসরি সম্প্রচারিত হবে। ঢাকার গুগলের চারটি কমিউনিটি, গুগল ডেভেলপার গ্রুপ এবং গুগল বিজনেস গ্রুপের আয়োজনে ২৫ জুন সারারাত চলবে আইও এক্সটেন্ডেড ঢাকা নামের অনুষ্ঠানটি । এতে আইও-এর কি-নোটসহ অন্যান্য সেশন সরাসরি বড় পর্দায় দেখানো হবে।
গুগল আইও হচ্ছে গুগলের বৃহত্ প্রযুক্তি সম্মেলন। গুগলের বার্ষিক এই সম্মেলনের অপেক্ষায় থাকেন সারা বিশ্বের ডেভেলপাররা। বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন ও নতুন পণ্যের ঘোষণা দেয় গুগল।
যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে ২৫ ও ২৬ জুন অনুষ্ঠিতব্য এবারের আয়োজনে পরিধেয় প্রযুক্তিপণ্য, অ্যান্ড্রয়েড, ক্লাউড কম্পিউটিং, স্মার্ট গ্লাসের মতো পণ্য সম্পর্কে তথ্য জানা যাবে ।
আয়োজকেরা জানিয়েছেন, ওই দিনের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ঢাকার অংশগ্রহণকারীদের সঙ্গে আইও অ্যাম্বাসেডর কথা বলবেন। রাতের এই অনুষ্ঠানে ফুটবল বিশ্বকাপের ম্যাচও সরাসরি দেখানো হবে বড় পর্দায়। ২৫ জুন রাত নয়টা থেকে পরদিন ২৬ জুন সকাল আটটা পর্যন্ত মিরপুরে এই আয়োজন হবে।
অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করছে ইউনিফক্স ডিজিটাল, বিগ্লোবাল, সিক্সবিয়োন্ড ও হাবঢাকা।
অনুষ্ঠানে অংশ নিতে রেজিস্ট্রেশন করা যাবে kokhon.com/io বা bit.ly/ioxdhaka ঠিকানায় ।