ঢাকায় স্যামসাংয়ের নতুন সেবাকেন্দ্র

ঢাকার মহাখালীতে নিজস্ব পণ্যের বিক্রয়োত্তর সেবা দিতে একটি নতুন সেবাকেন্দ্র চালু করেছে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ। এটি স্যামসাংয়ের প্রথম সেবাকেন্দ্র, যেখানে গ্রাহকেরা একই ছাদের নিচে স্যামসাংয়ের সব পণ্যের সেবা পাবেন।
আজ মহাখালীর এএল কমপ্লেক্সে অবস্থিত সেবাকেন্দ্রটি এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করেন স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক চুন সু মুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যামসাং ভারতের সেবা পরিচালক শিমইয়ং জুং এবং ডেপুটি জেনারেল ম্যানেজার সার্ভিস (সার্ক) গুরপ্রিত সিং বকশী।
চুন সু মুন বলেন, ‘স্যামসাংয়ের সব পণ্যের দ্রুত ও সহজ সেবা দিতে এই কেন্দ্র চালু করা হয়েছে। গ্রাহকদের ভালো সেবা দিতে স্যামসাং প্রতিজ্ঞাবদ্ধ। তিন হাজার বর্গফুট আয়তনের এই কেন্দ্র থেকে মোবাইল ও ইলেকট্রনিকস পণ্যের বিক্রয়োত্তর সেবা দেওয়া হবে। এখানে স্যামসাং মোবাইলের অভিজ্ঞতাও নিতে পারবেন গ্রাহক। মোট ৪০ জন কর্মী এখানে সেবা দেবেন।
স্যামসাংয়ের কর্মকর্তারা বলেন, ওয়ারেন্টিসহ এবং ওয়ারেন্টি ছাড়া সব ধরনের স্যামসাং পণ্যের সেবা প্রদান করা হবে এখানে। এ ছাড়াও গ্রাহকদের বাসায় গিয়েও সেবা (অন সাইট) প্রদান করা হবে। সোমবার থেকে শনিবার সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা খোলা থাকবে এটি।