ঢাকায় হয়ে গেল মেয়েদের পাইথন কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞান বিভাগে ছাত্রীদের সংখ্যা ১২ থেকে ১৫ শতাংশ। কিন্তু পরীক্ষায় প্রথম স্থান অর্জন করার ক্ষেত্রে তাঁদের হার ২৫ শতাংশ। ১৭ জানুয়ারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত মেয়েদের জন্য পাইথন প্রোগ্রামিং কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বুয়েটের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ এ তথ্য জানান। তিনি আরও বলেন, ‘কম্পিউটার বিজ্ঞানসহ প্রায়োগিক বিষয়গুলোতে মেয়েরা ছেলেদের সমকক্ষ হলেও বাংলাদেশে অনেক মেয়েই গণিত, প্রোগ্রামিংকে এড়িয়ে চলতে চায়। কিন্তু মেয়েদের আরও বেশি করে কম্পিউটার পড়তে আসা উচিত।’
হাফিযা খাতুন মেমোরিয়াল ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় মেয়েদের জন্য এই প্রোগ্রামিং কর্মশালার আয়োজন করে কোড ইট গার্ল নামের একটি প্রতিষ্ঠান। ঢাকার ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৩ জন ছাত্রী এ কর্মশালায় অংশ নিয়েছে। আট ঘণ্টার কর্মশালায় শিক্ষার্থীরা কম্পিউটার ব্যবহার করে হাতেকলমে প্রোগ্রামিং করে। কর্মশালার বেশির ভাগ সময়ই তারা পাইথন প্রোগ্রামিং ভাষা দিয়ে নানা রকমের প্রোগ্রাম লেখেন। কর্মশালাটি পরিচালনা করেন দ্বিমিক কম্পিউটিংয়ের তামিম শাহরিয়ার ও তাহমিদ রাফি। তাঁদের সঙ্গে আরও ছিলেন সফটওয়্যার প্রকৌশলী আশিকুর রহমান ও রাশিদুল হাসান।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার প্রকৌশল বিভাগের প্রধান তৌহিদ ভুঁইয়া, ভ্যানটেজ ল্যাবসের উন্নয়ন ব্যবস্থাপক মোজাম্মেল হক, প্রথম আলোর যুব কর্মসূচি সমন্বয়ক মুনির হাসান, হাফিযা খাতুন মেমোরিয়াল ট্রাস্টের ফেরদৌস বাপ্পিসহ অনেকে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল মোবাইল ফোনে কর্মশালার ছাত্রীদের সঙ্গে কথা বলেন।
এই আয়োজনের সহযোগী ছিল ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, মাসিক কিশোর আলো, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও দ্বিমিক কম্পিউটিং স্কুল।
—নিজস্ব প্রতিবেদক