ঢাকায় হলো আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রোগ্রামিং সমস্যার সমাধানে ব্যস্ত একটি দল
প্রোগ্রামিং সমস্যার সমাধানে ব্যস্ত একটি দল

বাংলাদেশ ইউনিভার্সিটির আয়োজনে চতুর্থ কাজী আজহার আলী আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০১৪ অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ ডিসেম্বর সকালে মোহাম্মদপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান। এ সময় তিনি বলেন, বিশ্বব্যাপী চাহিদার কথা মাথায় রেখে দক্ষÿপ্রোগ্রামার তৈরি করতে এ ধরনের প্রতিযোগিতার কোনো বিকল্প নেই।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য স্থপতি ইকবাল হাবিব, সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য কামরুল হাসান। এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী জামিল আজহার।
বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা এই প্রতিযোগিতা চলে। উৎসবমুখর পরিবেশে কম্পিউটার প্রতিযোগিতার পাশাপাশি কারিগরি আলোচনা, ক্লাউড কম্পিউটিং নিয়ে আলোচনা ও প্রকল্প প্রদর্শনী চলতে থাকে। সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ঢাকা-১৩ আসনের সাংসদ জাহাঙ্গীর কবির নানক।
প্রতিযোগিতায় দেশের ৪০টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৮০টি দল ও নেপালের দুটি দল অংশ নেয়। প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন বুয়েটের কম্পিউটারবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. কায়কোবাদ।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘অ্যাভেনজারস’ দল। প্রথম এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘আত্মপ্রত্যয়ী’ এবং ‘ডাউন টু দি ওয়্যার’ দল। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার ছিল ১ লাখ, ৫০ ও ২৫ হাজার টাকা। —বিজ্ঞপ্তি