ঢাকার তিন উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এটি আমার জীবনের সেরা উৎসব।’ এই একটি বাক্যেই নিজের অনুভূতি জানালেন ভিকারুননেসা নূন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী নাবিলা রহমান। আরেক শিক্ষার্থী সালসাবিলা বাঁধন বলে, ‘চেনা-জানার পরিধি অনেক বেড়ে গেল। ঢাকায় থাকলেও এত দিন আমি ছিলাম ইন্টারনেটের বাইরে। কিন্তু আজ আমার চোখ খুলে গেছে।’ এ ছাড়া অনেকের কণ্ঠেই ক্ষোভ মেশোনো প্রশ্ন—‘এমন দারুণ উৎসব গতবার ঢাকায় কেন হয়নি?’ এটি ছিল ঢাকার রামপুরা অঞ্চলের কথা। ঢাকায় এবার আয়োজন করা হয়েছে তিনটি উৎসব। বাকি দুটি মিরপুর ও পুরান ঢাকায়। প্রতিটি ভেন্যুতেই ছিল শিক্ষার্থীদের অভাবনীয় সাড়া। মিরপুর অঞ্চলের উৎসবে আসা মনিপুর স্কুলের আলভিনার বুকটা দুরু দুরু, কিছুক্ষণ পরেই ঘোষণা হবে সেরা পঞ্চাশের নাম। নিজের নামটি সে নাকি দেখতে চায় সবার আগে। শেষতক টিকতে পেরেছিল কি না আর জানা হয়নি। তবে পুরান ঢাকার উৎসবে অংশ নেওয়া আহসান সাদেক টিকেছিল। আর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে তার সেকি উল্লাস। সাদেক জানায়, ‘আমি যে পঞ্চাশে থাকব, এটা ভাবিনি। এবার তো মনে হচ্ছে আমারও প্রতিভা আছে।’ শিক্ষক থেকে অভিভাবক—সবার মনই জয় করে নিয়েছে এই উৎসব। শিক্ষক মমতাজ বেগম বলেন, ‘উদ্যোগটা অনেক ভালো। আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। এই উদ্যোগের সঙ্গে সবাইকে এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি।’ ঢাকার তিনটি উৎসবেই সবার মধ্যে ছিল ‘সব পেয়েছির আনন্দ’।